এনআইডি সার্ভারের সেবা আবার চালু

নির্বাচন কমিশন ভবন
ফাইল ছবি

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্যভান্ডার বা সার্ভারের পরিষেবা আজ বুধবার বেলা দুইটার দিকে চালু হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে এই সেবা বন্ধ করে দেওয়া হয়। নির্বাচন কমিশন বলছে, রক্ষণাবেক্ষণের কিছু কাজের জন্য এটা সাময়িকভাবে বন্ধ ছিল। পরে তা চালু হয়।

নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, বেলা দুইটার দিকে এনআইডি তথ্যভান্ডার চালু করা হয়েছে।

আজ সকাল থেকে অনেক সেবাগ্রহীতা প্রতিষ্ঠান তথ্যভান্ডারে ঢুকতে পারছিল না। এনআইডি অনুবিভাগ সূত্র বলছে, তথ্যভান্ডার হ্যাক হয়েছে এমন কোনো আলামত ওয়েবসাইটে নেই। সবদিক খতিয়ে দেখতে মহাপরিচালকের নির্দেশে কারিগরি দল কাজ করেছে।
 
দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি তথ্যভান্ডারে।

সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের জন্ম ও মৃত্যুনিবন্ধনের ওয়েবসাইট থেকে সম্প্রতি লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়। এরপর দেশে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি আলোচনায় আসে।