হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে
হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু ৭১৮

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) দেশে আরও দুই শিশু মারা গেছে। এ নিয়ে প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে ৭১৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৮০ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১১৪ শিশু। আর হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৬৬ শিশু। এ নিয়ে প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হলো ১ লাখ ১৩ হাজার ৪২ শিশু।

হামের উপসর্গে যে দুই শিশুর মৃত্যু হয়েছে, তাদের একজন ঢাকায় আর অন্যজন সিলেটে মারা গেছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১ হাজার ৭৭ শিশুর, আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৯৬৫ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪ হাজার ৬২৭ শিশু। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০ হাজার ৯৭৪ শিশু।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮২১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৮১ শিশু।