চট্টগ্রাম নগরের জামালখানে একটি পুরোনো ভবন ভাঙা হচ্ছিল। সেখানে ছিল না কোনো সুরক্ষাব্যবস্থা। নিচের ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় ভবনের ধ্বংসস্তূপ পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
আজ বুধবার বিকেল চারটার দিকে জামালখান সিকদার হোটেলের পাশে রতন ভট্টাচার্যের পুরোনো ভবনের কার্নিশ ধসে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. জসিম উদ্দিন। তিনি ফটিকছড়ির দাঁতমারা এলাকার আবদুল খালেকের ছেলে। আহত ব্যক্তির নাম রন ভট্টাচার্য (৫০)। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, জামালখানে রতন বাবুর ভবনটি ভাঙার সময় ওপর থেকে ছাদের কার্নিশের একটি অংশ ভেঙে ফুটপাতে পড়ে। এ সময় দুই পথচারী চাপা পড়েন। এতে একজনের মৃত্যু হয়।
সন্ধ্যা ছয়টা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটি ভাঙার সময় কোনো প্রতিরক্ষাব্যবস্থা নেওয়া হয়নি। ফুটপাতে চলাচলের জন্য কোনো প্রতিবন্ধকতাও দেওয়া হয়নি। যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘ভবনটি ভাঙার কাজ চলছিল। ভেতরের অংশ ভেঙে ফেলা হয়। বাইরের দেয়াল ও কার্নিশটি ছিল। বিকেলে হঠাৎ কার্নিশটি ধসে ফুটপাতের ওপর পড়ে। এরপর আমরা উদ্ধার করে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছি। অপর একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে শুনেছি।’