যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিএনপির এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। ৪ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিএনপির এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। ৪ অক্টোবর ২০২৬

কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না: হুইপ জি কে গউছ

দলের কোনো নেতা বা কর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি গ্রহণ করবে না বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। তিনি বলেছেন, ‘কোনো ব্যক্তি যত বড় ত্যাগী বা আত্মত্যাগীই হোন না কেন, তাঁর কোনো অপকর্মের দায় বিএনপি বা রাষ্ট্র নেবে না।’

স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন জি কে গউছ। ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরাঁয় ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি বদরুল আলম চৌধুরীর (শিপলু) সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। কোরআন তিলাওয়াত করেন বিএনপির নেতা লোকমান হোসেন। পরে নেতা-কর্মীরা জি কে গউছকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ক্যালিফোর্নিয়ায় বিএনপি আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ জি কে গউছকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সংগঠনের নেতারা। ৪ অক্টোবর ২০২৬

হবিগঞ্জের তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা জি কে গউছ টানা তিনবার হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন। বিএনপির রাজনীতির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা। রাজনৈতিক জীবনে তাঁকে কারাগারেও যেতে হয়েছে। স্মৃতিচারণা করে জি কে গউছ বলেন, কেবল বিএনপি করার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল। সাড়ে ২৬ মাস কারাগারে থাকতে হয়েছে তাঁকে। তবে কারাগারে থাকা অবস্থায় নির্বাচনে অংশ নিয়ে তিনি মেয়র নির্বাচিত হন।

অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত সাবেক ছাত্রনেতা, বর্তমান বিএনপি নেতা-কর্মী এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়।

মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে কেক কাটছেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ ও সংগঠনের নেতারা। ৪ অক্টোবর ২০২৬

আইনের শাসন প্রসঙ্গে জি কে গউছ বলেন, ১৭ বছর ধরে অনিয়মগুলো নিয়মে পরিণত হয়েছিল। এ অবস্থা থেকে দেশ বেরিয়ে আসতে চায়। সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই আইনের শাসন প্রতিষ্ঠার ওপর জোর দিচ্ছে। দীর্ঘদিন আইন অমান্য করার কারণে মানুষের মধ্যে আইন না মানার একটি নেতিবাচক অভ্যাস তৈরি হয়েছে।

৫ আগস্ট প্রসঙ্গে জি কে গউছ বলেন, ক্ষমতার অপব্যবহারের কারণেই বাংলাদেশে ৫ আগস্টের সৃষ্টি হয়েছিল। মানুষের জীবন যেখানে স্থায়ী নয়, ক্ষমতা সেখানে চিরস্থায়ী হতে পারে না। ৫ আগস্টের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন—এ কথা উল্লেখ করে জি কে গউছ বলেন, ধ্বংস বা প্রতিশোধ নয়, ভালোবাসা ও শান্তির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। রাজনীতিতে প্রতিহিংসার পরিবর্তে সহনশীলতা, প্রতিশোধের পরিবর্তে ন্যায়বিচার এবং বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী। ৪ অক্টোবর ২০২৬

দলের শৃঙ্খলা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, যেকোনো নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে। শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় ঐক্যবদ্ধ থেকে যেকোনো অপশক্তির মোকাবিলা করা হবে। দলের সিদ্ধান্ত না মানলে দলের পরিচয়ও বহন করা যাবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তির অপকর্মের দায় দল বহন করবে না। দলের কোনো ব্যক্তি দলের চোখ এড়িয়ে যেতে পারবেন না।

ক্যালিফোর্নিয়ায় জাতীয় সংসদের হুইপ জি কে গউছের সঙ্গে বিএনপির নেতা-কর্মীরা। ৪ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রসঙ্গে জি কে গউছ বলেন, দেশের মানুষ তারেক রহমানের ওপর আস্থা রেখেছেন। তারেক রহমান এখন জনপ্রিয়তার শীর্ষে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি কাজ করছেন।

অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল বাসেত, বিএনপির নেতা সৈয়দ নাসির জেবুল, মোহাম্মদ আবদুল মুনিম, লায়েক আহমেদ, বদরুল আলম মাসুদ, আফজাল হোসাইন সিকদার, মুশফিকুর চৌধুরী, মোরশেদুল ইসলাম, মাতাব আহমেদ, ইয়ামিন চৌধুরী, মিজানুর রহমান জামশেদ, মনিরুল ইসলামসহ ক্যালিফোর্নিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।