‘গালিগালাজ ও অশালীন আচরণ’

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতিসহ তিনজনের হাইকোর্টে হাজিরা

হাইকোর্ট
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর এজলাসে হট্টগোল, বিচারক ও আদালতের কর্মচারীদের ‘গালিগালাজ ও অশালীন আচরণের’ অভিযোগকে কেন্দ্র করে জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ তিন আইনজীবী হাইকোর্টে হাজিরা দিয়েছেন। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ রোববার তাঁরা হাজির হন।

তিন আইনজীবী হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তানভীর ভূঞা, মো. আক্কাস আলী ও আইনজীবী জুবায়ের ইসলাম। তাঁদের পক্ষে সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৯ মার্চ শুনানির পরবর্তী তারিখ রেখেছেন। সেদিন তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে। এর আগে শুনানিতে বিটিআরসির আইনজীবী জানান, ওই ঘটনা নিয়ে আটটি ভিডিও লিঙ্ক ফেসবুক ও ইউটিউব থেকে সরানো হয়েছে।

গত ২ জানুয়ারি ওই ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর এজলাসে হট্টগোল, বিচারক ও আদালতের কর্মচারীদের ‘গালিগালাজ ও অশালীন আচরণের’ অভিযোগ উত্থাপিত হলে ৫ জানুয়ারি হাইকোর্ট আদালত অবমাননার স্বতঃপ্রণোদিত রুল দেন। একই সঙ্গে জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ তিন আইনজীবীকে তাঁদের ভূমিকা ব্যাখ্যা দিতে ১৭ জানুয়ারি হাজির হতে নির্দেশ দেন।

ধার্য তারিখে তিন আইনজীবী আদালতে হাজির হন। সেদিন তাঁদের পক্ষে সময়ের আরজির পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১৪ ফেব্রুয়ারি দিন রাখেন। সেদিনও তাদের পক্ষে সময়ের আরজি জানানো হলে আদালত ২৬ ফেব্রুয়ারি দিন রাখেন। এ অনুসারে আজ বিষয়টি আদালতের কার্যতালিকায় ওঠে। এদিন সকালে তিন আইনজীবী আদালতে হাজির হন।

আদালতে তিন আইনজীবীর পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নূর ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মোহাম্মদ সাঈদ আহমেদ। বিটিআরসির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আশরাফুল হাদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।