শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলায় কোনো ধরনের নাশকতার তথ্য নেই। মব সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলা করারও সুযোগ নেই। মেলা এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণে আজ বুধবার ‘অমর একুশে বইমেলা ২০২৬’ উপলক্ষে নিরাপত্তার পরিকল্পনাসংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে মো. সরওয়ার এ কথাগুলো বলেন।
এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, উসকানিমূলক কোনো বই এবারের মেলায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, বইমেলা এলাকায় তিন স্তরের নিরাপত্তা থাকবে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন। সিসিটিভি ক্যামেরা ছাড়াও বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মেলায় প্রবেশ ও বের হওয়ার পথে আর্চওয়ে থাকবে।
ট্রাফিক–ব্যবস্থা স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন। বইমেলার ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ সদস্য সাদাপোশাকে ও ইউনিফর্মে নিয়োজিত থাকবেন বলেও জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার।
মো. সরওয়ার বলেন, মেলা চলার সময় মাজার রোড, হাকিম চত্বর, দোয়েল চত্বর ও টিএসসি এলাকায় যানজট কমাতে ডাইভারশন চলবে। ধারালো ও বিস্ফোরক দ্রব্য নিয়ে মেলায় প্রবেশ করা যাবে না।