আদালত অবমাননা

নিঃশর্ত ক্ষমা চাইলেন দিনাজপুরের পৌর মেয়র

হাইকোর্ট
ফাইল ছবি

বিচারাধীন বিষয় ও আপিল বিভাগের বিচারপতিকে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দেশের সর্বোচ্চ আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগে আজ বৃহস্পতিবার হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি। আদালত আগামী ১২ অক্টোবর এ বিষয়ে শুনানির জন্য দিন রেখেছেন। সেদিন সকাল ৯টায় সৈয়দ জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলায় হাইকোর্টের রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের বর্তমান বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে জাহাঙ্গীরের এক বক্তব্যের সূত্রে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির তিন সদস্যসহ চার আইনজীবী আদালত অবমাননার আবেদন করেন। তাঁরা হলেন মোহাম্মদ হারুন–উর রশিদ, মাহফুজুর রহমান রোমান, মনিরুজ্জামান রানা ও শফিক রায়হান শাওন।

আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে ১৭ আগস্ট আপিল বিভাগ সৈয়দ জাহাঙ্গীর আলমের প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করেন। আদালত অবমাননার জন্য জাহাঙ্গীরকে কেন শাস্তি দেওয়া হবে না—এ বিষয়ে তাঁকে কারণ দর্শাতে বলা হয়। পাশাপাশি ২৪ আগস্ট সকাল ৯টায় তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে জাহাঙ্গীরের ওই বক্তব্যের সব ভিডিও ইউটিউব চ্যানেল থেকে অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়।

আদালতের আদেশ অনুসারে আজ সকালে আদালতে হাজির হন সৈয়দ জাহাঙ্গীর আলম। তাঁর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. রুহুল কুদ্দুস। আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

শুনানিতে আইনজীবী মো. রুহুল কুদ্দুস বলেন, মেয়র হাজির হয়েছেন। তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। পরে আপিল বিভাগ ১২ অক্টোবর শুনানির দিন রেখে সেদিন জাহাঙ্গীরকে হাজির হতে নির্দেশ দেন।

প্রসঙ্গত, দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিএনপির একজন নেতা। ২০১১ সালে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন।