
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিন সার্ভেয়ারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁরা হলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার (এলএ) সার্ভেয়ার আমানাতুল মাওলা ও মজিবর রহমান এবং রাঙ্গুনিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আশীষ চৌধুরী।
আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেসার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তাঁরা। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, তিন সার্ভেয়ার হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন। তাঁদের চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশনা ছিল। সেই অনুযায়ী তাঁরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।
নগরের উত্তর পতেঙ্গা মৌজায় ২৩ শতক ভূমির মালিকানার কাগজপত্র তৈরি করে চট্টগ্রাম এলএ শাখা থেকে ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ১৩ লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১৯ সালে মামলা করে দুদক। পরে আসামিরা আত্মসাৎ করা টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেন। গত বছরের ৩১ জুলাই এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত গত বছরের অক্টোবরে দুদকের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ না করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।