বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীতে একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মো. সুমনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি পল্টন থানার ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিআইডি। বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্তে জানা যায়, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘোষিত শাটডাউন কর্মসূচির প্রথম দিনে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে অংশ নেন। এ সময় সুমন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালান। ওই হামলায় রমনার শান্তিনগর এলাকার কানিফা টাওয়ারে অবস্থানরত গৃহকর্মী লিজা আক্তার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে বেসরকারি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ২২ জুলাই মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নগরীর রমনা মডেল থানায় হত্যা মামলাসহ বিস্ফোরক আইনে মামলা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন সিআইডি কর্মকর্তাদের কাছে লিজা আক্তার হত্যাকাণ্ড ও ছাত্র আন্দোলনে দমনমূলক হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
সিআইডি বলেছে, মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামি, পরিকল্পনাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আদালতের কাছে সুমনের রিমান্ড আবেদন করেছে সিআইডি।