
প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন উপলক্ষে মহানগরীসহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সার্বিক প্রস্তুতির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চারটি জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিষয়টিতে ‘অতীব জরুরি’ উল্লেখ করে অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের মঙ্গলবার এ নির্দেশনা দিয়েছে মাউশি।
নির্দেশনাপত্রে বলা হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বাঙলা কলেজসহ বিভিন্ন স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।
এ অবস্থায় ঢাকা মহানগরীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে চার দফা নির্দেশনা মানতে বলা হয়েছে।
নির্দেশনাগুলো হলো: প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার, আঙিনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে আছে কি না, তা পরীক্ষা করে দ্রুত অপসারণ করতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে।