১৫ তম রেড ক্রিসেন্ট যুব প্রধান সম্মেলন অনুষ্ঠিত

যুব নেতৃত্ব শক্তিশালী করার মাধ্যমে মানবিক মূল্যবোধসম্পন্ন সেচ্ছাসেবক গঠনের শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ১৫ তম রেড ক্রিসেন্ট যুব প্রধান সম্মেলন। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সম্মেলনে সারাদেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৬৯টি ইউনিটের যুব প্রধানগণ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ দিনব্যাপী আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব।

সোসাইটির কর্মরত যুব স্বেচ্ছাসেবকদের মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধি করার মাধ্যমে আরও বেশি মানুষের কাছে মানবিক সহায়তা প্রদান ও আর্তমানবতার সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটির সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণই সম্মেলনের মূল উদ্দেশ্য।

যেকোন দুর্যোগে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা সাহসিকতার সঙ্গে মানবিক কার্যক্রম পরিচালনা করছে উল্লেখ করে আবদুল ওয়াহ্হাব বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চার দশকের বেশি সময় ধরে বিপন্ন মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সেবামূলক এ কার্যক্রমে সোসাইটির চালিকাশক্তি যুব স্বেচ্ছাসেবকরা। সোসাইটিসহ দেশের উন্নয়নে এসব স্বেচ্ছাসেকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক আজাদ এ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আজকের দিনের যুবরাই নেতৃত্ব দিবে। আত্মন্নোয়নের মাধ্যমে শক্তিশালী যুব নেতৃত্ব গঠনে সকল যুব প্রধানদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সোসাইটির কোষাধ্যক্ষ এম এ ছালাম, ব্যবস্থাপনা পর্ষদের সদস্য রাজিয়া সুলতানা, মস্তাক আহমেদ, মো. আতিকুল হক, শিকদার নূর মোহাম্মদ এবং আলহাজ গাজী মোজাম্মেল হোসেন। এ ছাড়াও সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব সুলতান আহমেদ, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, আইসিআরসি’র কোঅপারেশন কো-অর্ডিনেটর জোহানা, আইএফআরসি’র হেড অব ডেলিগেশন সঞ্জীব কাফলেসহ সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

‘যুব নেতৃত্ব বিনির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত ১৫ তম এই সম্মেলন শেষ হবে আজ বুধবার।
বিজ্ঞপ্তি