
রোগী ভর্তির টিকিটের প্রায় ৩০ লাখ টাকা আত্মসাতের দায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক রেকর্ড কিপার আজিজুল হক ভূঁইয়াকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৩০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৯–এর বিচারক শেখ হাফিজুর রহমান আজ বুধবার এ রায় দেন।
প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম। পলাতক আসামি আজিজুল হক ভূঁইয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, হাসপাতালের জরুরি বিভাগে টিকিট বিক্রি ও রোগী ভর্তির টাকা আত্মসাতের দায়ে ২০১৮ সালের ৪ অক্টোবর তৎকালীন রেকর্ড কিপার আজিজুল হক ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করে দুদক। দুই বছর পর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। আদালত ওই অভিযোগপত্র আমলে নিয়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর আসামি আজিজুল হক ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষে ১৭ সাক্ষীকে আদালতে হাজির করা হয়।