
ঢাকার নবাবগঞ্জে ২৪ বছর আগে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪–এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সুজন, জুলহাস ও মাহাম্মদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এরশাদ আলম জানান, একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড। রায়ে আদালত দণ্ডিত আসামিদের স্থাবর–অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী বা তাঁর পরিবারকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
রায় ঘোষণার সময় আসামি সুজন ও মাহাম্মদ আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অপর আসামি জুলহাস পলাতক। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনাটি ঘটে ২০০২ সালে ২২ মার্চ রাতে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করেন।
মামলা তদন্ত শেষে একই বছরের ১৮ জুলাই তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে নবাবগঞ্জ থানা–পুলিশ। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।