ঈদুল আজহার এক সপ্তাহও বাকি নেই। তাই বাজারে চাহিদা কমেছে মাংসের। এ কারণে গত সপ্তাহে মাংসের দাম কিছুটা কমেছিল। তবে শুক্রবার আবার বেড়েছে গরু ও খাসির মাংসের দাম।
শুক্রবার চট্টগ্রাম নগরের বহদ্দারহাট, চকবাজার ও আশপাশের মাংসের দোকান ঘুরে এ চিত্র দেখা গেছে। এসব বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। গত সপ্তাহে ৯০০ থেকে ৯৫০ টাকায় বিক্রি হয়েছিল প্রতি কেজি হাড় ছাড়া গরুর মাংস। শুক্রবার বিক্রি হয়েছে ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকায়। গত সপ্তাহের তুলনায় ৫০ টাকা বেড়ে ১ হাজার টাকায় বিক্রি হয়েছে খাসির মাংস।
ক্রেতারা বলছেন, আগামী বৃহস্পতিবার বাংলাদেশের ঈদুল আজহা উদ্যাপিত হবে। তাই এ দুই মাংসের চাহিদা কমেছে। তবে শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় দাম বাড়িয়েছেন বিক্রেতারা। সাধারণত ছুটির দিনগুলোয় ক্রেতারা বাজার করেন বেশি।
চকবাজার এলাকায় মাংস কিনতে আসা সাবের আলী প্রথম আলোকে বলেন, আশপাশে সাত থেকে আটটি মাংসের দোকান থাকলেও খোলা আছে তিনটি। তাই ক্রেতারা সেখানেই যাচ্ছেন। এ সুযোগে দামও বাড়ানো হয়েছে।
মাংসের দাম বাড়ার কারণ হিসেবে গরুর বেশি দামের কথা জানান বিক্রেতারা। বহদ্দারহাট বাজারের মাংস বিক্রেতারা মোহাম্মদ ইব্রাহিম বলেন, গরুর দাম বর্তমানে বেশি। তাই দাম গত সপ্তাহের তুলনায় বেশি।
তবে বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম স্থিতিশীল আছে। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও প্রতি কেজি ব্রয়লার ১৭০ থেকে ১৭৫ ও সোনালি ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।
অপরিবর্তিত আছে মাছের দামও। প্রতি কেজি মাঝারি আকারের রুই-কাতলা ২৮০ থেকে ৩৩০, আকারভেদে তেলাপিয়া বিক্রি হয়েছে ২২০ থেকে ২৮০, ইলিশ ৮৪০ থেকে ৯০০, পাঙাশ ১৫০, শিং ৬০০ থেকে ৬৫০, আকারভেদে রূপচাঁদা ৪৫০ থেকে ৭৫০ ও লইট্টা ২০০ থেকে ২২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।