
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের যাতে অপপ্রয়োগ না হয় সে, জন্য সরকার সতর্ক আছে। এখন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করলেই গ্রেপ্তার করা যায় না। জামিনযোগ্যও করা হয়েছে।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কার্যনির্বাহী কমিটির নেতারা সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁরা কয়েকটি দাবি জানালে তার পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ এ কথা বলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এ ছাড়া সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, রোজিনা ইসলামের নামে হওয়া মামলাটির খুব বেশি কার্যকারিতা নেই।
ডিআরইউর সভাপতি মুরসালীন নোমানী বিভিন্ন দাবিদাওয়ার কথা বলতে গিয়ে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তাই এর অপপ্রয়োগ বন্ধের বিষয়ে তিনি তথ্যমন্ত্রীর কাছে দাবি জানান। তিনি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবি এবং প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামের নামে অফিশিয়াল সিক্রেসি অ্যাক্টে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান।
তথ্যমন্ত্রী ডিজিটাল নিরাপত্তা আইনসহ অন্যান্য বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সব মানুষকে ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্য। সাংবাদিকদের নিরাপত্তার জন্যও। তবে এর অপপ্রয়োগ যাতে না হয়, সে জন্য তাঁরা সতর্ক আছেন।
এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।