মতবিনিময় সভায় আলোচকেরা

পুরুষ-পেশিশক্তি-অর্থ, নির্বাচনে মনোনয়ন পেতে নারীর বড় বাধা

রাজধানীর একটি হোটেলে ‘নির্বাচনে নারী নেতৃত্বের অগ্রগতি’ শিরোনামে এ মতবিনিময় সভার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই)
ছবি: ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল

নারীরা মাঠে সমান শ্রম দিলেও নির্বাচনে দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকেন পুরুষ। নির্বাচনী প্রচারের খবরেও পুরুষদের কথাই বেশি তুলে ধরা হয়। নির্বাচনে নারীদের মনোনয়ন পাওয়ার বড় বাধা পুরুষ, পেশিশক্তি ও অর্থের দাপট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আরও বেশিসংখ্যক নারীকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়ে এসব কথা উঠে এল এক মতবিনিময় সভায়।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ‘নির্বাচনে নারী নেতৃত্বের অগ্রগতি’ শিরোনামে এ সভার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই)। ভবিষ্যতে নারীদের নির্বাচনী ব্যয় দিয়ে সহায়তার লক্ষ্যে জাতীয় সংসদে আইন পাসের জন্য একটি বিলও প্রস্তাব করা হয়েছে সভা থেকে।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, নারীকে শুধু নির্বাচিত করে নিয়ে এলে হবে না, তিনি যেন ভূমিকা রাখতে পারেন, সে জন্য সহায়ক পরিবেশ দরকার। তবে সেই পরিবেশ কেউ তৈরি করে দেবেন না। নারীদের নিজেকেই করতে হবে।

স্পিকার বলেন, পুরুষেরা নিজের আসন ছেড়ে দিয়ে সাহায্য করবেন না। শুধু নির্বাচনের আগে নয়, সব সময় ভোটারের কাছে যেতে হবে। দলকে জেতানোর আত্মবিশ্বাস গড়তে হবে। নারীদের মনোনয়ন বাড়াতে রাজনৈতিক দলগুলোকেও আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

নারীর যোগ্যতা থাকার পরও নির্বাচনে মনোনয়ন ও প্রচারের ক্ষেত্রে পুরুষেরাই প্রাধান্য পান বলে মন্তব্য করেন সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মোছা. শামীমা আক্তার খানম।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী

সংরক্ষিত আসনে আওয়ামী লীগ সংসদ সদস্যদের মধ্যে হাবিবা রহমান খান বলেন, এলাকায় পুরুষের চেয়ে নারীর বিচরণ কম না। অথচ শুধু পুরুষের নাম ফলাও করে প্রচার করা হয়। নারী রাজনৈতিক কর্মীর অবস্থান ভালো হলেও মাঠ পর্যায় থেকে উচ্চপর্যায়ে সেই তথ্য উঠে আসে না। কাজী কানিজ সুলতানা বলেন, গণমাধ্যমের প্রচারে শুধু ভাইদের নাম যেন চলে না আসে। যে বোন উপযুক্ত, তাঁকে নিয়েও লেখা উচিত।

আরমা দত্ত বলেন, নারীর কাজগুলো প্রতিফলিত হয় না।

জাতীয় পার্টির শেরীফা কাদের বলেন, দল মনে করলে মনোনয়ন দেবে, এ জন্য তদবিরের প্রয়োজন হয় না। আরও বক্তব্য দেন আওয়ামী লীগের আদিবা আনজুম মিতা, উম্মে ফাতেমা নাজমা বেগম, জাতীয় সমাজতান্ত্রিক দলের আফরোজা হক ও জাতীয় পার্টির রওশন আরা মান্নান।

গণমাধ্যম থেকে দৈনিক ইত্তেফাক–এর জ্যেষ্ঠ প্রতিবেদক রাবেয়া বেবী বলেন, গণতন্ত্র বজায় রেখে রাজনৈতিক দলগুলো যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারে, সেখানে ভূমিকা রাখে গণমাধ্যম।

সভায় স্বাগত বক্তব্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডেনা এল ওল্ডস বলেন, বাংলাদেশে নির্বাচনে নারীদের অনেকগুলো প্রতিবন্ধকতা পাড়ি দিতে হয়। এ ক্ষেত্রে তিনটি বিষয় সবচেয়ে প্রভাবিত করে বলে মন্তব্য করেন তিনি। এ বাধাগুলো হলো—পুরুষ, পেশিশক্তি ও অর্থ।

আরও বক্তব্য দেন মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডির ভারপ্রাপ্ত উপ–মিশন পরিচালক সোনজাই রেনল্ডস কুপার। সভা সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পরিচালক লিপিকা বিশ্বাস।

সংরক্ষিত ৫০ আসন ছাড়া জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য মাত্র ২২ জন উল্লেখ করে রাজনৈতিক দলগুলোতে নারীর প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।