আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দনবার্তা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা তারেক রহমানকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। আজ মঙ্গলবার ঢাকায় চীনের দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

অভিনন্দনবার্তায় লি কিয়াং বলেন, চীন ও বাংলাদেশ প্রতিবেশী এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশীদার। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের গত ৫১ বছরে পারস্পরিক শ্রদ্ধা, সমতা, পারস্পরিক লাভজনক সহযোগিতা এবং ‘উইন-উইন’ ফলাফলের ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন হয়েছে। এটি রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ বিনিময়ের এক উৎকৃষ্ট উদাহরণ।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

চীনের প্রধানমন্ত্রী বলেন, চীন সরকার বাংলাদেশের নতুন সরকারের কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার বিষয়ে সমর্থন জানায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন খাতে বিনিময় বাড়ানোর মাধ্যমে চীন-বাংলাদেশ ‘সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্ব’কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে। এর মাধ্যমে দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনা যাবে।