জাইমা রহমান
জাইমা রহমান

ড্রাইভিং টেস্ট দেওয়ার পর সড়ক নিরাপত্তা নিয়ে নিজের ভাবনা জানালেন জাইমা রহমান

বাংলাদেশে গাড়ি চালানোর অনুমতি পেতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্প্রতি ‘ড্রাইভিং টেস্ট’ দিয়েছেন। এ প্রেক্ষাপটে তিনি দেশের সড়ক ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতা, সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণের চলমান আইনব্যবস্থা নিয়ে তাঁর ভাবনা তুলে ধরেছেন।

জাইমা রহমানের ফেসবুক স্ট্যাটাসে সড়ক নিরাপত্তার পাশাপাশি বিদ্যমান নানা সমস্যা–অনিয়ম–জটিলতার প্রসঙ্গেও উঠে এসেছে। এ–সংক্রান্ত নানা প্রশ্ন তুলে তিনি বলেছেন, সড়ক নিরাপত্তা কেবল গাড়ি, লাইসেন্স আর শাস্তির বিষয় হতে পারে না; এটি হতে হবে সেই মানুষগুলোকে ঘিরে, যাঁরা প্রতিদিন পথ চলেন।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে জাইমা রহমান এ কথা বলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিবর্তন যদি আমরা সত্যিই চাই, তাহলে আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান

স্ট্যাটাসে লন্ডনে ড্রাইভিং টেস্ট ও দেশে ড্রাইভিং টেস্ট দেওয়ার অভিজ্ঞতা জানান জাইমা রহমান। দেশে পরীক্ষা দিতে গিয়ে কেবল ড্রাইভিং টেস্ট বা লাইসেন্স নিয়ে ভাবেননি বলে জানান জাইমা। তিনি সড়ক ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতা নিয়ে, আর সেই সড়ক নিয়ন্ত্রণের জন্য তৈরি ব্যবস্থাগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে ভেবেছেন বলে জানান।

পথচারী হিসেবে পর্যাপ্ত ক্রসিং ছাড়াই দ্রুতগতির সড়ক পার হওয়া, দখল হয়ে যাওয়া ফুটপাত ধরে হাঁটা, নিয়ম না মেনে চলা বাস, মোটরসাইকেল, রিকশা ও প্রাইভেট কারের ভিড়ের মধ্য দিয়ে যাওয়ার বিড়ম্বনার কথাও উঠে এসেছে জাইমার স্ট্যাটাসে।

স্ট্যাটাসে যাত্রী হিসেবে ও চালক হিসেবে একজন কী পরিস্থিতির সম্মুখীন হন সেটিরও বর্ণনা দিয়েছেন জাইমা রহমান।

জাইমা রহমান তাঁর স্ট্যাটাসে আরও জানান, সড়ক নিরাপত্তা কেবল গাড়ি, লাইসেন্স আর শাস্তির বিষয় হতে পারে না। যাঁরা পথ চলেন, তাঁদের ঘিরেই নিরাপত্তার বিষয়টি বিবেচনা করার ওপর জোর দেন তিনি। পরিবর্তন আনতে হলে ভাবনার কাঠামো নতুন করে সাজানোর কথা বলেছেন জাইমা।