ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ২০২৩ সালের বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার পেয়েছেন প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হাওলাদারসহ ৬ গণমাধ্যমের প্রতিবেদক৷ ডুজার শহীদ চিশতী শাহ হেলালুর রহমান ট্রাস্ট ফান্ড ও মনোয়ার আহমেদ ট্রাস্ট ফান্ডের অধীনে এই পুরস্কার দেওয়া হয়৷
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ডুজার ‘বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার প্রদান, দায়িত্ব হস্তান্তর এবং সাংবাদিকতায় পেশাদারত্বের সংকট: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক অনুষ্ঠানে ৬ প্রতিবেদকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ অনুষ্ঠানে প্রতিবেদকদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান ও আমন্ত্রিত অতিথিরা৷
তিনটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়৷ সেগুলো হলো বাংলা প্রিন্ট, ইংরেজি প্রিন্ট ও অনলাইন৷ বাংলা প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম আলোর আসিফ হাওলাদারের সঙ্গে পুরস্কার পান কালবেলার মোতাহার হোসেন৷ ইংরেজি প্রিন্ট ক্যাটাগরিতে পুরস্কার পান দ্য ডেইলি অবজারভারের তাওসিফুল ইসলাম ও দ্য নিউ নেশনের মো. মনিরুজ্জামান৷ অনলাইন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাসেল সরকার ও ঢাকা পোস্টের আমজাদ হোসেন৷
গত ২০ জুন ডুজার ২০২৩ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে জাগোনিউজ২৪ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আল সাদী ভূঁইয়া সভাপতি ও বাসসের মহিউদ্দিন মুজাহিদ মাহি সাধারণ সম্পাদক নির্বাচিত হন৷ বৃহস্পতিবারের অনুষ্ঠানে ডুজার প্রধান উপদেষ্টা মো. আখতারুজ্জামানের উপস্থিতিতে নতুন নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সংগঠনের বিদায়ী সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম৷
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্যেষ্ঠ সাংবাদিক জুলফিকার আলি মাণিক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ ও সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল৷ আরও বক্তব্য দেন ডুজার প্রধান নির্বাচন কমিশনার বোরহানুল হক৷ বিভিন্ন মতের শিক্ষকনেতা এবং ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ সব ধারার ছাত্রসংগঠনের শীর্ষ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷