নির্বাচনে জয়ের পর ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি কামরুজ্জামান খান (বাঁ থেকে দ্বিতীয়) ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (বাঁ থেকে চতুর্থ)
নির্বাচনে জয়ের পর ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি কামরুজ্জামান খান (বাঁ থেকে দ্বিতীয়) ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (বাঁ থেকে চতুর্থ)

ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক সিরাজুল

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সিরাজুল ইসলাম।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দিনভর ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

নির্বাচনে মোট ভোটার ৩০০ জন। এর মধ্যে ২৮৯ জন ভোট দিয়েছেন। নির্বাচনে সভাপতি পদে কামরুজ্জামান খান পেয়েছেন ১৭০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসারফ হোসেন পেয়েছেন ১১৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম পেয়েছেন ৮৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম নুরুজ্জামান পেয়েছেন ৭৪ ভোট। এ ছাড়া সহসভাপতি পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহীন আবদুল বারী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উমর ফারুক আলহাদী পেয়েছেন ৬৬ ভোট।

যুগ্ম সম্পাদক পদে দিপন দেওয়ান ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিয়াজ আহমেদ ৮০ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে হরলাল রায় ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম ১২৮ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম রাজী সর্বোচ্চ ১৯০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তানভীর হাসান পেয়েছেন ৮৬ ভোট। দপ্তর সম্পাদক পদে কামাল হোসেন তালুকদার ১৫৩ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. উজ্জ্বল হোসেন পেয়েছেন ১২৬ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিহাল হাসনাইন ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মাজহারুল ইসলাম খান পেয়েছেন ১১৮ ভোট। কল্যাণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ওয়াসিম সিদ্দিকী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহমুদুল হাসান পেয়েছেন ১০৪ ভোট। আন্তর্জাতিক সম্পাদক পদে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে শাহীন আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম সাত্তার রনি পেয়েছেন ১০২ ভোট।

অন্যদিকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুল ইসলাম এবং প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ইসমাঈল হুসাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে ১৯১ ভোট পেয়ে প্রথম হয়েছেন আলী আজম। ১৭০ ভোট পেয়ে দ্বিতীয় মো. আবু দাউদ খান ও ১১৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন শেখ কালিমউল্যাহ।