নালায় পড়ে নিখোঁজ সালেহ আহমেদের পরিবারকে কেন ক্ষতিপূরণ নয়: হাইকোর্ট

হাইকোর্ট
ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর এলাকায় নালায় পড়ে নিখোঁজ সালেহ আহমেদ নামের এক ব্যক্তির পরিবারকে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

‘চট্টগ্রামে জলজট: ফুটপাত থেকে পা পিছলে নালায় পড়ে...’ শিরোনামে ২০২১ সালের ২৬ আগস্ট একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে ক্ষতিপূরণসহ প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ভুক্তভোগীর ছেলে সাদেকুল্লাহ মহিম চলতি বছরের ১৭ আগস্ট রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও সচিব এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান আইনজীবী শিশির মনির। তিনি প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় মন্ত্রিপরিষদ সচিব সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন। কমিটি প্রতিবেদন অনুযায়ী ওই দুর্ঘটনার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দায়ী করা হয়েছে। নালায় পড়ে যাওয়া সালেহ আহমেদের খোঁজ এখনো পাওয়া যায়নি। এ অবস্থায় ক্ষতিপূরণ চেয়ে রিটটি করা হলে শুনানি নিয়ে আদালত ওই রুল দেন।