
অন্তর্বর্তী সরকার ৯০ শতাংশ সফল বলে মনে করেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক করেছে অন্তর্বর্তী সরকার। আজ রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের আলোচ্য বিষয় সাংবাদিকদের তুলে ধরেন শফিকুল আলম।
সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করেন, অন্তর্বর্তী সরকারের ওপর দেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল। আসলে এই সরকার কতটা সফল হয়েছে? জবাবে প্রেস সচিব বলেন, ‘একেকজন তো একেক রকম মনে করে। আমি ৩০ বছর ধরে সাংবাদিকতা করেছি। আমার মনে হয়েছে এবং ১৮ মাস এই সরকারকে যতটা ক্লোজলি (নিবিড়ভাবে) দেখেছি, যে ধরনের ব্যুরোক্রেসি (আমলাতন্ত্র), যে ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি, যে ধরনের প্রতিষ্ঠান, পুরো প্রতিষ্ঠান ভঙ্গুর ছিল। সেই বিচারে আপনি যদি এই সরকারের কাজগুলো দেখেন...আমি বলব, আমার ব্যক্তিগত ওপিনিয়ন (মত) এরা ৯০ শতাংশ সফল।’
আরেক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, তাঁদের করা অধ্যাদেশগুলো প্রতিটি আইনে পরিণত হবে বলে মনে করেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেড় বছর পর গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর নতুন সরকারের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল। আগামী মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে করে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যাবেন। শপথ শেষে তাঁরা পতাকা ছাড়া গাড়িতে করে বাসায় ফিরবেন। এর মধ্য দিয়ে তাঁদের আনুষ্ঠানিক বিদায় হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে দুই যুগ পর সরকার গঠন করছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। দলটি এ ঘোষণা আগেই দিয়েছে।