
বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইনজীবী এহসানুল হক সমাজীকে এক বছরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। এই চুক্তির মেয়াদ পূর্ণ হয়েছে উল্লেখ করে আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি দিয়েছেন তিনি।
সিনিয়র সচিব বরাবর লেখা চিঠিতে আইনজীবী এহসানুল হক সমাজী বলেছেন, চুক্তিভিত্তিক নিয়োগপত্রের আলোকে যোগদানের তারিখ হতে এক বছরের জন্য তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা’ (অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদার সুবিধাদিসহ) নিয়োগ দেওয়ার পরিপ্রেক্ষিতে গত বছরের ২৩ ফেব্রুয়ারি যথানিয়মে তিনি ওই পদে যোগদান করে কাজ শুরু করেন। আজ ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিভিত্তিক মেয়াদ পূর্ণ হওয়ায় ওই পদে বহাল বা কর্মরত না থাকার বিষয়টি আপনাকে অবহিত করা হলো। কর্মকালে এই মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার্সসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এহসানুল হক সমাজী।
চিঠির অনুলিপি পুলিশের মহাপরিদর্শক বরাবরও পাঠানো হয়েছে। জানতে চাইলে আইনজীবী এহসানুল হক সমাজী প্রথম আলোকে বলেন, ভবিষ্যতে রাষ্ট্রের স্বার্থে কোনো আইনি সেবার প্রয়োজনে হলে, তা দিতে সম্মতি থাকবে।