
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করা একটি ভিভিআইপি ভাড়া করা ফ্লাইট রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ত্যাগ করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মুহাম্মাদ ইমরান ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মাদ আব্দুল মুহিত বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি থেকে দেশে ফেরার পথে লন্ডনে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করবেন।
শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যান। যুক্তরাজ্যের লন্ডনে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। রাজা তৃতীয় চার্লস আয়োজিত সিংহাসনে আরোহণ অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।
প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি ২৩ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি যান। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে এখন দেশে ফিরছেন প্রধানমন্ত্রী।