অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আল-আজহার শিক্ষার্থীদের স্বপ্নপূরণে চ্যালেঞ্জ গ্রহণ করার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বপ্নপূরণ ও জীবনে সফল হতে চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি সেখানে বক্তৃতা করেন। আজ শুক্রবার এক বার্তায় তা জানানো হয়েছে।

গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় তিনি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি চ্যালেঞ্জ গ্রহণ করায় বাংলাদেশের জনগণ আজ ব্যাংক থেকে সুফল ভোগ করছে।’

শিক্ষার্থীদের উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনাকে স্বপ্ন দেখতে হবে, যদি আপনার স্বপ্ন না থাকে, তবে আপনি জীবনে সফল হবেন না।’

ড. ইউনূস জানান, তাঁর স্বপ্ন ছিল বলেই গ্রামীণফোন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।

সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সমাজ পরিবর্তনে লক্ষ্য অর্জনে সামাজিক ব্যবসার বিকল্প নেই।

নিজের ‘থ্রি জিরো থিওরি’ সম্পর্কে নোবেল বিজয়ী ড. ইউনূস বলেন, বিশ্বকে এগিয়ে নিতে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য এবং শূন্য বেকারত্ব—এই তিন বিষয়কে গুরুত্ব দেওয়া জরুরি।

এর আগে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সালামা দাউদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মাহমুদ সিদ্দিক।