স্মরণানুষ্ঠান

পান্না কায়সারের সংগ্রাম ছিল নিরন্তর

মায়ের স্মৃতিচারণা করছেন শহীদুল্লা কায়সার ও পান্না কায়সারের ছেলে অমিতাভ কায়সার
প্রথম আলো

মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করার জন্য পান্না কায়সারের সংগ্রাম ছিল নিরন্তর। যুদ্ধ–পরবর্তী বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ হওয়া উচিত পান্না কায়সারের সংগ্রামের কথা। উদীচীর আয়োজনে পান্না কায়সার স্মরণানুষ্ঠানে উঠে এল এসব কথা।

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে স্মরণানুষ্ঠান শুরু হয় পান্না কায়সারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এরপর উদীচীর শিল্পীদের দুটি সম্মেলক গানের পর শুরু হয় আলোচনা।

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে প্রথম দিকে পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণা করেন শহীদুল্লা কায়সার ও পান্না কায়সারের ছেলে অমিতাভ কায়সার। মায়ের সংগ্রামের কথা তুলে ধরেন তিনি। অমিতাভ কায়সার বলেন, একজন পান্না কায়সারকে অনেকগুলো ভূমিকা পালন করতে হতো, তাই রাত-দিন তিনি ছুটতেন। পান্না কায়সার একসময় ছিলেন উদীচীর সভাপতি।
শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের সন্তান সাংবাদিক জাহীদ রেজা নূর বলেন, পান্না কায়সারের সব উদ্যোগ ছিল দেশের জন্য নিজেকে যুক্ত করার প্রয়াস। তিনি বলেন, পান্না কায়সার বুঝেছিলেন, মনের আলোটা শিশু বয়সেই আলোকিত করতে হয়। তাই খেলাঘরের সঙ্গে পান্না কায়সার এভাবে জড়িয়েছিলেন নিজেকে। সন্তান নিয়ে লড়াইয়ের পাশাপাশি ছিল মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করার লড়াই।

ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী চিকিৎসক আবদুল আলীম চৌধুরীর মেয়ে চিকিৎসক নুজহাত চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের পরও ৫০ বছর ধরে যুদ্ধ ছিল আমাদের মায়েদের। স্বামী হারানো একজন পান্না কায়সার বা শ্যামলী নাসরিন চৌধুরী লড়াই করেছেন আদর্শ রক্ষার।’ তিনি বলেন, মুক্তিযুদ্ধ–উত্তর বাংলাদেশের ইতিহাসের কথা লিখতে হলে লিপিবদ্ধ করতে হবে পান্না কায়সারের জীবনের সংগ্রামের গল্প।

পান্না কায়সারের মৃত্যুতে উদীচীর পক্ষ থেকে শোক জ্ঞাপন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উদীচীর সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক, ইকরাম আহমেদ, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ সেলিম ও কেন্দ্রীয় খেলাঘর আসরের পক্ষে চিকিৎসক লেলিন চৌধুরী।

সর্বশেষ বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান। পান্না কায়সার আর তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহপাঠী ও পরবর্তী সময়ে সাংস্কৃতিক কাজে সহযাত্রী। তাঁর কথায় উঠে আসে একজন সংগ্রামী পান্না কায়সারের জীবনের কথা।

লেখক, গবেষক, শিশু সংগঠক, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার মারা যান ৪ আগস্ট।