আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সাবেক সংসদ সদস্য কাজী মনিরুলসহ চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলামসহ চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। আগামী ৩ আগস্ট তাঁদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বুধবার এ আদেশ দেন। এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ প্রথম আলোকে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় ৮ জন নিহত হন। ২০ জুলাই নিহত হন ৯ জন। এ ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় চার আসামিকে হাজির করতে বলেছেন ট্রাইব্যুনাল।

মামলার অন্য তিন আসামি হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।

সাবেক ওসি আবুল হাসান ট্রাইব্যুনালের অন্য মামলায় গ্রেপ্তার আছেন। বাকি তিন আসামি বিভিন্ন থানায় হওয়া মামলায় গ্রেপ্তার আছেন। এই চার আসামিকেই ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।