কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসামিরা
কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসামিরা

মেরে ফেলার হুমকি দিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬

চট্টগ্রাম নগরে মেরে ফেলার হুমকি দিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন তামজিদুল ইসলাম (২৩), নজরুল ইসলাম (৩৬), নজরুল ইসলাম (২০), জুনায়েদ হাসান (২২), মো. রাকিব (২২) এবং আক্রান্ত কিশোরীর সমবয়সী এক বান্ধবী। গতকাল সোমবার রাতে নগরের পশ্চিম মাদারবাড়ী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ৩০ নভেম্বর সন্ধ্যায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে ওই কিশোরীকে আটকে আসামি জুনায়েদ হাসানের ভাড়াবাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে জুনায়েদ ও পলাতক আরেক আসামি মিলে তাকে ধর্ষণ করেন। এরপর ২ ডিসেম্বর একই ভবনের নিচতলায় আসামি নজরুল ইসলাম ও রাকিব এবং পরদিন একই এলাকার এক প্রহরীর কক্ষে নিয়ে তামজিদুল ও নজরুল মিলে মেয়েটিকে ধর্ষণ করেন।

সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া প্রথম আলোকে বলেন, ঘটনার প্রথম দিন কিশোরীকে জোর করে ধরে নিয়ে ধর্ষণ করা হয়। পরে তার বান্ধবীকে টাকা দিয়ে বখাটেরা ওই কিশোরীকে তাঁদের এলাকায় নিয়ে যান। বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগী কিশোরীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। কিন্তু বাসায় যাওয়ার পর ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তার দাদির সন্দেহ হয়। পরে দাদিকে ঘটনা খুলে বলে সে।

অর্ণব বড়ুয়া আরও বলেন, সোমবার দুপুরে কিশোরীর পরিবারের সদস্যরা আসামি রাকিবের বাবার কাছে বিচার চাইতে যান। কিন্তু তাঁরা সময়ক্ষেপণ করায় কিশোরীর বাবা থানায় আসেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ সোমবার অভিযান শুরু করে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী প্রথম আলোকে বলেন, শারীরিক পরীক্ষার জন্য কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর বয়স ১৬ বছর। তার বাবা পেশায় রিকশাচালক। মা-বাবার ছাড়াছাড়ির পর ওই কিশোরী দাদা-দাদির সঙ্গে পশ্চিম মাদারবাড়ী এলাকায় থাকে। তারা যে গলিতে থাকে, সেখানকার মহল্লা সরদারের ছেলে রাকিব। গ্রেপ্তার ছয় আসামিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কিশোরীর বাবা প্রথম আলোকে জানান, গ্রেপ্তার আসামিরা সবাই রাকিবের বন্ধু। তাঁর সহজ–সরল মেয়েকে তাঁরা প্রায়ই কুপ্রস্তাব দিতেন। ভয়ে তিনি কাউকে কিছু বলতেন না।