
দেশে গত জুলাইয়ের তুলনায় আগস্টে নারী ও শিশুর ওপর সহিংসতার ঘটনা বেড়েছে। এর মধ্যে আগস্টে দলবদ্ধ ধর্ষণ বেড়েছে ৭২ শতাংশ আর হত্যা বেড়েছে প্রায় ৭৫ শতাংশ। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এই দুই মাসে দেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করে সোমবার এ তথ্য জানিয়েছে। সংগঠনটি বলছে, মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে আইনের শাসন ও যথাযথ প্রয়োগের সংস্কৃতি প্রতিষ্ঠা, শিশুদের কার্যকর সুরক্ষা এবং প্রতিটি অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করা জরুরি।
দেশের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন এবং নিজস্ব অনুসন্ধানের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করেছে এমএসএফ। এমএফএসের তথ্য বলছে, আগস্টে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার মোট নথিভুক্ত ঘটনা ৩২৭টি। জুলাই মাসে ছিল ৩০৬টি। অর্থাৎ প্রায় ৬ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি।
এমএসএফের হিসাবে, নারী ও শিশু হত্যার ঘটনা জুলাইয়ে ছিল ৫২টি, আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৯১টিতে। যা প্রায় ৭৫ শতাংশ বেড়েছে। প্রতিবেদনে এটিকে ‘সবচেয়ে উদ্বেগজনক পরিবর্তন’ বলে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ৭ থেকে বেড়ে ১২টিতে (৭২ শতাংশ বৃদ্ধি), ধর্ষণ ও হত্যা ৩ থেকে ৫টিতে (৬৭ শতাংশ) এবং বলাৎকার ৫ থেকে ৬টিতে দাঁড়িয়েছে।
অন্যদিকে সাধারণ ধর্ষণের ঘটনা কিছুটা কমেছে। এমএসএফ বলছে, ধর্ষণের মোট সংখ্যা কমলেও যৌন সহিংসতার প্রাণঘাতী রূপগুলো বেড়ে যাওয়া বিশেষভাবে উদ্বেগের বিষয়।
এ সময়ে আত্মহত্যার ঘটনাও বেড়েছে প্রায় ৩৯ শতাংশ। সামান্য বেড়েছে অপহরণ ও নিখোঁজ এবং বেআইনি সালিস; আর ধর্ষণচেষ্টা, শারীরিক নির্যাতন ও নবজাতক উদ্ধারের ঘটনা কিছুটা কমেছে। অন্যদিকে যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনা অপরিবর্তিত রয়েছে।
অনলাইন জুয়া ও মাদক
প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন জুয়া–সংক্রান্ত ঘটনায় আগস্টে একজন নিহত ও একজন আহত হয়েছেন। লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় এক শিক্ষক নিহত হন। এ–সংক্রান্ত ঘটনায় নেত্রকোনা, যশোর, রংপুর ও ঢাকা থেকে একজন করে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক–সংক্রান্ত ঘটনায় নিহত ও আহতের সংখ্যা কমলেও গ্রেপ্তার-আটক বেড়েছে ব্যাপকভাবে—৯৩ থেকে ২১৩টি, প্রায় ১২৯ শতাংশ। প্রতিবেদনে গ্রেপ্তারের আইনি ভিত্তি, হেফাজতে নির্যাতনের সম্ভাবনা ও আইন প্রয়োগে সামঞ্জস্যতা পর্যবেক্ষণে রাখার সুপারিশ করা হয়েছে।
এমএফএস বলছে, কিছু ক্ষেত্রে ঘটনার সংখ্যা কমলেও অপরাধের বিচারের দৃষ্টান্ত এখনো নগণ্য, যা অপরাধ দমনে সহায়ক নয়।