
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সাতজনের বিরুদ্ধে ভুয়া ব্যাংক হিসাব খুলে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।
দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বাকি আসামি হলেন প্রিমিয়ার ব্যাংকের কোনাবাড়ি শাখার সাবেক ব্যবস্থাপক মোতালিব হোসেন, গাজীপুরের বাসিন্দা শামীম হোসাইন, আশরাফুল আলম রানা ওরফে রবিন, শহিদুল ইসলাম, খাগড়াছড়ির প্লটু চাকমা ও গাজীপুর সিটি করপোরেশনের চুক্তিভিত্তিক সার্ভেয়ার মোকলেছুর রহমান মুকুল।
এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের ৭ অক্টোবর প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের কোনাবাড়ী শাখায় গাজীপুর সিটি করপোরেশনের নামে একটি ভুয়া চলতি হিসাব খোলা হয়। এ জন্য কোন রেজল্যুশন, সভার কার্যবিবরণী বা বৈধ নথি জমা দেওয়া হয়নি। শাখা ব্যবস্থাপকের বিশেষ সহযোগিতায় হিসাবটি খোলা হয় এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলম একক স্বাক্ষরে হিসাব পরিচালনা করেন।
দুদক সূত্র জানায়, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা, হোল্ডিং ট্যাক্স ও ফি বাবদ পে-অর্ডারের মাধ্যমে এ হিসাবে টাকা জমা দেওয়া হলেও নগদে তা তোলা হয়েছে। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ওই হিসাবে ২ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৯৯৫ টাকা ৫০ পয়সা জমা হয়। এর মধ্যে প্রায় পুরো অর্থই আসামিরা বিভিন্ন সময়ে উত্তোলন করেন।
দুদকের অভিযোগে বলা হয়, আসামিরা যোগসাজশ করে প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।