কৃতী সংবর্ধনা ৪১

মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

কৃতিত্বের সনদ ও ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গতকাল বাগেরহাট শিল্পকলা একাডেমিতে
ছবি: সাদ্দাম হোসেন

ভালো ফলের পাশাপাশি সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার শপথ নিল কৃতী শিক্ষার্থীরা। একই সঙ্গে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে জীবনের যেকোনো পর্যায়ে, যেকোনো পরিস্থিতিতে মা, মাটি ও মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করল তারা।

গতকাল রোববার বাগেরহাটে অনুষ্ঠিত শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে এই অঙ্গীকার করল শিক্ষার্থীরা। ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

বাগেরহাটের জেলা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিবন্ধিত কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ বিতরণসহ আনুষ্ঠানিকতা শেষে সকাল ১০টার পর বাগেরহাট বন্ধুসভার সদস্যদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধি ইনজামামুল হক।

অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ বলেন, ‘প্রথম আলো সংবাদ প্রকাশের পাশাপাশি নানা কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের উজ্জীবিত করে চলেছে। তাদের আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের শপথ নিতে হবে সব সময় ভালোর সাথে থাকার।’

অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, ‘সবার আগে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যোগ্য মানুষ হতে হবে। মাদকদ্রব্য থেকে দূরে থাকতে হবে। মনে রাখবে, মাদক তোমাদের জীবন, সুন্দর ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে পারে। মাদকসহ অপরাধ থেকে নিজেকে দূরে রাখতে পারলেই তোমরা ভালো মানুষ হতে পারবে।’

খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন বলেন, কৃতীদের এগিয়ে নিতে প্রথম আলো ও শিখো যে সংবর্ধনার আয়োজন করেছে, তা সাধুবাদ পাওয়ার যোগ্য। তিনি বলেন, ‘ভালো মানুষ হতে হলে ভালো বই পড়তে হবে। কেবল ডিজিটাল ডিভাইসে আসক্ত না হয়ে, আমাদের বইয়ের প্রতি ঝুঁকতে হবে।’

বাগেরহাট বন্ধুসভার উপদেষ্টা এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা প্রদীপ কুমার বকসী বলেন, ‘আমরা সবাই ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চাই। তবে তারও আগে ভালো মানুষ হতে হবে। পরিবারকে ভালবাসতে হবে, মা-বাবাকে ভালবাসতে হবে‌। না হলে আমাদের এই শিক্ষা এই সমাজ ও দেশের কোনো কাজে আসবে না। শুধু বাংলাদেশ নয়, তোমরা সারা বিশ্বকে নেতৃত্ব দেবে। সেভাবেই নিজেকে গড়ে তুলতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ‘জীবনের একটি ধাপে তোমরা সফল হয়েছ, এ জন্য তোমাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ভবিষ্যৎ জীবনেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে শুধু শিক্ষিত হলেই চলবে না, সুশিক্ষিত ভালো মানুষ হতে হবে। নিজেদের জয়ের মাধ্যমে দেশকে জয়ী করতে হবে।’

অনুষ্ঠানে মাদক, মুখস্থ ও মিথ্যাকে না বলতে এবং মা, মাটি ও মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে শিক্ষার্থীরা।

অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন সাইদুর রহমান, দাস কালিদাস, রুপা দাস, সঞ্চারী দাস জুঁই ও বন্ধুসভার বন্ধুরা। নৃত্য পরিবেশন করেন নির্ণেতা কুন্ডু ও নুপুর নৃত্য একাডেমির শিল্পীরা।

শিখোর পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর আয়োজনে দেশের ৬৪টি জেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।