শিক্ষাব্যবস্থা সাম্প্রদায়িকতামুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি
ফাইল ছবি

দেশের শিক্ষাব্যবস্থায় সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে। বিষয়টি সত্য বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ‘শিক্ষাব্যবস্থায় সাম্প্রদায়িকতা ও মৌলবাদ’ শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। রোববার দুপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে এই ওয়েবিনারের আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘শিক্ষাব্যবস্থায় যে সাম্প্রদায়িকীকরণ হয়েছে তা সত্য। এ থেকে উত্তরণের জন্য আমরা চেষ্টা করছি। নতুন পাঠ্যসূচি নিয়ে গত কয়েক বছর কাজ করছি। ইতিহাস ও বাংলা সাহিত্যকে সাম্প্রদায়িকতামুক্ত করতে আগামী পাঠ্যসূচিতে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এবার মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের নিয়েই কাজ করছি।’

শিক্ষাব্যবস্থায় কওমি মাদ্রাসা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, আগের পাঠ্যসূচিতে আকারে–ইঙ্গিতে বঙ্গবন্ধু ও তাঁর শাসনকালকে নানাভাবে হেয় করা হয়েছে। জিয়াউর রহমানকে এমনভাবে তুলে ধরা হয়েছে, যাতে তাঁর নেতিবাচক বিষয় চোখে পড়বে না। মাদ্রাসায় এ ব্যাপারে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ, যাঁরা পড়াচ্ছেন, তাঁরা সরকারি নির্দেশনা না মেনে নিজেদের মতো করে পড়াচ্ছেন।

প্রাথমিক বিদ্যালয় থেকেই মুক্তিযুদ্ধ ও ধর্মীয় সৌহার্দ্যবোধ বিষয়ে শিক্ষা দিতে হবে বলে মনে করেন শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা গরিব হওয়ায় বেশির ভাগ ক্ষেত্রেই তারা পড়ালেখা শেষ করতে পারে না। সরকারের কাছে অনুরোধ করব, কওমি মাদ্রাসার পাশে গরিবদের জন্য বোর্ডিং স্কুলের ব্যবস্থা করলে অভিভাবকেরা তাঁদের ছেলেমেয়েকে কওমিতে না পড়িয়ে বোর্ডিং স্কুলে পড়াবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, নতুন শিক্ষানীতিতে সর্বস্তরের পাঠ্যপুস্তক থেকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী যা কিছু আছে, সব বাদ দিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাজনৈতিক দর্শন প্রতিস্থাপন করতে হবে।

মাদ্রাসাসহ সব শিক্ষামাধ্যমে বাঙালির ইতিহাস এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও দর্শন পাঠ বাধ্যতামূলক করতে হবে। অন্যথায় দেশ–জাতিকে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিষাক্ত ছোবল থেকে মুক্ত রাখতে পারব না বলেও মনে করেন তিনি।

ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার বলেন, ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করলে আমরা অনেক সমস্যা থেকে মুক্ত হতে পারি। শিক্ষাপ্রতিষ্ঠানে সবচেয়ে বেশি দরকার নৈতিক শিক্ষা। তিনি শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীকে পাঠ্যসূচিতে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেন।

আওয়ামী লীগ চাইলেই শিক্ষার সাম্প্রদায়িকীকরণ অবশ্যই বন্ধ হবে বলে মনে করেন ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন।

তিনি বলেন, মৌলবাদীদের আক্রমণের দুটি প্রধান জায়গা— ইতিহাস ও বাংলা সাহিত্য।

দীর্ঘদিন ধরেই পাঠ্যসূচির ডানপন্থীকরণের ফলেই আজকের শিক্ষার সাম্প্রদায়িক রূপ পেয়েছে। যত দিন না শিক্ষায় সাম্প্রদায়িকীকরণ বন্ধ হবে, তত দিন ২১ আগস্টের হামলার মতো আক্রমণ হতেই থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক সাংবাদিক আবেদ খান, নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি শিক্ষবিদ মাহফুজা খানম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আলা উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুজিত সরকার এবং নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল।