নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির বার্তা নিয়ে দৌড়ালেন নারী ও পুরুষ দৌড়বিদেরা। আজ শনিবার সকাল সাতটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে দৌড় শুরু হয়। শাহবাগ পর্যন্ত ঘুরে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে দৌড় শেষ হয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর), বিশ্ব মানবাধিকার দিবস (১০ ডিসেম্বর) ও রোকেয়া দিবস (৯ ডিসেম্বর) উদ্যাপন উপলক্ষে যৌথভাবে এ দৌড় কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ ও বিডি রানার্স।
দৌড় কর্মসূচি শেষে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একজন নারীকে সফল দৌড়বিদ হিসেবে গড়ে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। সন্তান জন্মদানের পর কখনো ভাবা যাবে না ‘আমার পথটা শেষ হয়ে গেল’। বিষয়টিকে সামাজিক একটি প্রক্রিয়া হিসেবে সবাইকে অনুধাবন করতে হবে। মায়েদের সব কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ ও পরিবেশ তৈরি করে দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। তিনি বলেন, ‘সমাজের মধ্যে বিদ্যমান নানা অপশক্তি ও অপপ্রয়াসকে দমন করে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে রোকেয়া সাখাওয়াত হোসেন আমাদের পথ দেখিয়েছেন। তাঁর দেখানো পথ অনুসরণ করেই নারীর অগ্রগতিকে টেকসই করার লক্ষ্যে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে হবে।’
অনুষ্ঠানে বিডি রানার্সের সদস্যদের মধ্যে বক্তব্য দেন জাহিদুর রহমান তুষার, কিয়াউ সেইন থাই ডলি, পানশী খান, শাহ আলম সিদ্দিকী ও আয়শা সিদ্দিকা। তাঁরা বলেন, সমাজে নীরবতার সংস্কৃতি চালু রয়েছে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী নারী থেকে সাধারণ একজন নারীর জীবনে কোনো সহিংসতার ঘটনা ঘটলেও প্রকাশ পায় খুবই কম। সহিংসতা প্রতিরোধে সচেতনতার কাজটি পরিবার থেকেই শুরু করতে হবে। এই দৌড়ে নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ, সচেতন ও প্রতিরোধের আন্দোলনকে এগিয়ে নেওয়ার বার্তা দেওয়া হলো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও মাসুদা রেহানা বেগম, সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম, প্রকাশনা সম্পাদক সারাবান তহুরা, অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ এবং লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, বিডি রানার্সের ইমতিয়াজ এলাহী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানার্স কমিউনিটির সদস্য মো. ইশতিয়াখ উদ্দিন।
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য সিউতি সবুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের অ্যাডভোকেসি ও লবি পরিচালক জনা গোস্বামী।