আসিয়ানের বৈঠকে মিয়ানমারের জান্তাকে আমন্ত্রণ জানানোয় ক্ষুব্ধ এনইউজি

ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)
 ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক ও সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক এক অভ্যন্তরীণ অনুশীলনে মিয়ানমারের জান্তা সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) নামে পরিচিত মিয়ানমারের ছায়া সরকার।

আজ মঙ্গলবার বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) আয়োজিত এক ওয়েবিনারে এনইউজির স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী জ ওয়াই সোয়ে এই প্রতিক্রিয়া জানান। তিনি আজ সকালে ‘মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠা: সামরিক শাসনের দুই বছর’ শীর্ষক এই হাইব্রিড সেমিনারে অংশ নেন।

পাঁচ দিনের বৈঠক ও অনুশীলন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এর যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড। আসিয়ানের পাশাপাশি তার সংলাপ অংশীদার অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, রাশিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এই আয়োজনে যুক্ত হওয়ার কথা রয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মার্টিন মেইনার্স মিয়ানমারের অনলাইনভিত্তিক গণমাধ্যম মিয়ানমার নাওকে জানিয়েছেন, আগামী মাসের বৈঠক ও অনুশীলনে অংশ নিতে মিয়ানমারের সামরিক সরকার ইতিমধ্যে আমন্ত্রণ পেয়েছে। প্রটোকল অনুযায়ী, আসিয়ান সচিবালয় এবং যৌথ চেয়ার থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিয়ানমারের কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে।

মার্টিন মেইনার্স বলেন, আসিয়ান ফোরামে কারা অংশ নেবে, এটি জোটের সদস্য দেশগুলো ঠিক করে থাকে।

এসআইপিজির ওয়েবিনারে এ নিয়ে জানতে চাইলে এনইউজির স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী জ ওয়াই সোয়ে বলেন, ‘আমরা এই সিদ্ধান্তে মোটেই খুশি নই। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। মিয়ানমারে গণহত্যায় জড়িত একটি ফ্যাসিস্ট বাহিনীকে বৈঠকে নেওয়ার বিষয়টি আমরা ভাবতেও পারি না। আমরা কোনো পরাশক্তির ওপর নির্ভর করব না।’