সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

জুরাইনে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, একজন হাসপাতালে ভর্তি

রাজধানীর জুরাইন–দয়াগঞ্জ সড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

আজ রোববার সকাল নয়টার দিকে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় বাহাদুর শাহ পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলামকে (৫৫) মৃত ঘোষণা করেন। আহত মো. সাফি (২২) চিকিৎসাধীন।

আজিজুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাঁর বাড়ি গেন্ডারিয়ার সতীশ সরকার সড়কে। সাইফুল ওয়ার্কশপ ব্যবসায়ী ছিলেন। তাঁর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে। তিনি গেন্ডারিয়ার ডিআইডি মসজিদের পাশের এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

সাইফুলের বন্ধু শফিক বাবু বলেন, সকালে বাসা থেকে বেরিয়ে লেগুনায় করে নবাবপুরে ওয়ার্কশপে যাচ্ছিলেন সাইফুল। পথিমধ্যে বাহাদুর শাহ পরিবহনের বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘জুরাইনের দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে। আহত একজন চিকিৎসাধীন।’