
হেমন্তের সকাল হলেও শীত করছে। সকালের রোদের চাদরে সেই শীতটাও বেশ ওমের সঙ্গে উপভোগ করছি। চারপাশে তখনো কুয়াশার ওড়নায় ঢাকা প্রকৃতি। গাছপালা আর তৃণলতার পাতায়–পাতায় শিশিরের মাখামাখি। ডালের ফাঁকে ফাঁকে কিচিরমিচির ডাকছে ভোরের পাখিরা, ঘুম ভেঙেছে ফুল ও প্রজাপতিদেরও। এ ফুল থেকে সে ফুলে উড়ে বেড়াচ্ছে রঙিন প্রজাপতিরা। আহা কী স্নিগ্ধ প্রকৃতি!
দিনাজপুর হর্টিকালচার সেন্টারের বিশ্রামগার থেকে বেরিয়ে চারপাশের এমন এক সকাল বহুদিন উপভোগ করিনি। কিন্তু প্রকৃতির এই রস আস্বাদনের সময় আর পেলাম না। উদরপূর্তির জন্য বেরোতে হলো।
সে কাজ সেরে রওনা দিলাম কান্তনগরের দিকে, সঙ্গে বাচিকশিল্পী টিটো মুন্সী, বিভূতিভূষণ, কিবরিয়া আর নাজমুল। পঞ্চপাণ্ডব গিয়ে সাতসকালেই হাজির হলাম তেভাগা আন্দোলনের বীরদের স্মারকমূর্তির মোড় আর ঢেপা নদীর ওপর সেতু পেরিয়ে কান্তজিউ মন্দিরে।
প্রতিবছর মন্দির প্রাঙ্গণে এ সময়টায় এক মাস ধরে মেলা বসে। ডিসেম্বরের ৬ তারিখে সে মেলার শেষ দিন। সৌভাগ্য হলো সে মেলার খানিকটা স্বাদ নেওয়ার। অপূর্ব পোড়ামাটির ফলকশিল্পের টেরাকোটায় নির্মিত এমন সুন্দর আর একটি মন্দিরও নেই এ দেশে।
মন্দির পরিভ্রমণের একপর্যায়ে পেছন দিকে গিয়ে দেখা মিলল তমালগাছের। তমালের নাম শুনেই টিটো ভাই বলে উঠলেন, ওয়াও! এটাই সেই তমালগাছ? বললাম, আদি তমালগাছটা আজ থেকে প্রায় আড়াই শ বছর আগে এই মন্দির প্রাঙ্গণে মন্দির নির্মাণের পরপরই লাগানো হয়েছিল। সেটি মরে যাওয়ার পর নতুন এই গাছ লাগানো হয়েছে।
প্রকৃতির জল তমালের পাতাগুলোকে ধুইয়ে পবিত্র করে রেখেছে। তমালের কালো রঙের ডালে ডালে ঝুলছে অসংখ্য রক্তরঙের লাল সুতা। তমালের তলাটা পাকা, সেই বেদির এক কোণে একটি টুল ও টেবিল পেতে বসে আছেন গোবিন্দ বৈষ্ণব। কপালে তিলকচিহ্ন, গেরুয়া ফতুয়া আর সাদা ধুতি কাপড়ে তাঁকে মানিয়েছে বেশ। সামনে টেবিলের ওপর কয়েক গাছি লম্বা লাল সুতা। বললেন, মেলার এই এক মাস ধরে বহু মানুষ এখানে আসেন। তাঁদের অনেকেই মনোবাসনা পূরণের আশায় তমালের ডালে এই লাল সুতা বেঁধে মানত করেন। মেলা শেষে সুতাগুলো খুলে আমরা ঢেপা নদীর জলে ভাসিয়ে দিই।
আহা কী অপূর্ব সুন্দর দেখাচ্ছে তমালের তরুতল! সারি সারি লাল সুতায় সালঙ্কারা হয়ে সেজেছে তমালতরু। দেখে মনে হচ্ছে, তমালের ডাল থেকে যেন ঝরনার মতো নামছে রক্তের ধারা। তমালগাছ এমনিতেই এ দেশে খুব একটা দেখা যায় না। যেগুলো আছে, তার বেশির ভাগই টিকে আছে দেশের বিভিন্ন মন্দির প্রাঙ্গণে। মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান ও ভাওয়াল জাতীয় উদ্যানে অবশ্য কয়েকটি তমালগাছ আছে।
তবে বাংলার বিভিন্ন সাহিত্যে তমালের কোনো অভাব নেই, সাহিত্যই তমালগাছকে বাঁচিয়ে রেখেছে। বাংলাদেশের পরিচয় হিজল-তমালের দেশ হিসেবে। বৈষ্ণব পদাবলীতেও রয়েছে তমালের ছড়াছড়ি। বিদ্যাপতির একটি পদে আছে, ‘না পোড়াইও রাধা অঙ্গ না ভাসাইও জলে/ মরিলে তুলিয়া রেখো তমালের ডালে/ সেই ত তমালতরু কৃষ্ণবর্ণ হয়/ অবিরত তনু মোর তাহে জনু রয়।’
প্রকৃতিবিদ ড. নওয়াজেশ আহমদ তাঁর মহাবনস্পতির পদাবলী বইয়ে লিখেছেন, দক্ষিণ ভারতের তাপ্তী নদীর তীরে প্রচুর পরিমাণে তমালবৃক্ষ জন্মে বলে এর এক নাম তাপিঞ্জ। আর কাঠের কৃষ্ণবর্ণের জন্য আরেক নাম কালতাল। এর আরও বেশ কিছু সমনাম রয়েছে। তবে তমাল নামেই সে বেশি পরিচিত।
তমালের পাতা ঘন সবুজ, পাতা ডিম্বাকার থেকে উপবৃত্তাকার, পাতার বোঁটার দিকটা গোলাকার ও অগ্রভাগ সুচাল। তমালের উদ্ভিদতাত্ত্বিক নাম Garcinia montana ও পরিবার ইবেনেসি বা গাবগোত্রীয়। এ জন্য এর আরেক নাম বনগাব। ফল বিষাক্ত, এর পাতার গুঁড়া মাছের জন্য বিষাক্ত। তবে গাছের বেশ কিছু ভেষজ গুণ আছে। ছায়াতরু হিসেবে চমৎকার। বাংলাদেশের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল ৪ অনুযায়ী, তমালগাছ সংরক্ষিত উদ্ভিদ। তাই বাংলার ঐতিহ্যবাহী নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক এই উদ্ভিদের সংরক্ষণ ও সম্প্রসারণ করা দরকার।
মৃত্যুঞ্জয় রায়, কৃষিবিদ ও প্রকৃতিবিষয়ক লেখক