
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’
যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা লন্ডনে শেখ হাসিনার অবস্থানকালীন আবাসস্থলে মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করতে এলে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে উল্লেখ করেন, বিদেশে অবস্থানকারী কতকগুলো গোষ্ঠীর লোকজন ইচ্ছাকৃতভাবে দেশের বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন। তিনি বলেন, ‘তাঁদের মধ্যে কিছু লোক আছেন, যাঁরা বিভিন্ন অপরাধ, অপকর্ম বা দুর্নীতি করে দেশ ছেড়েছেন বা অবৈধ কাজের কারণে চাকরি হারিয়েছেন, তাঁরা ইচ্ছাকৃতভাবেই দেশের বিরুদ্ধে অপবাদ ছড়াচ্ছেন। তাঁরা (সরকারের) কোনো ভালো ও উন্নয়নমূলক কাজ দেখেন না; বরং সারা বাংলাদেশে সব সময়ে শুধু সমস্যাই খুঁজে পান।’ এই অপপ্রচার মোকাবিলায় ডিজিটাল ও সামাজিক প্ল্যাটফর্মে সম্পৃক্ত হতে দলীয় নেতা–কর্মীদের নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সদস্যরা যেন দেশের মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার চালান।
সরকার ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচকদের সারা বাংলাদেশ ঘুরে দেখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ বাংলাদেশে কোনো অভিযোগ নেই। তিনি বলেন, ‘আমি দাবি করতে পারি, বাংলাদেশের গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা তাঁদের উন্নত জীবনের জন্য প্রয়োজনীয় অবশিষ্ট সব কাজ করব।’ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে বাংলাদেশে দারিদ্র্য ৪১ শতাংশ থেকে ১৮ শতাংশে নামিয়ে আনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চরম দারিদ্র্য মাত্র ৫ শতাংশে নেমে এসেছে এবং বেকারত্বের হার এখন মাত্র ৩ শতাংশে দাঁড়িয়েছে।
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জিয়াউর রহমান ও অন্যান্য সামরিক স্বৈরশাসক অবৈধভাবে ক্ষমতা দখল করে। আওয়ামী লীগ নেতা–কর্মীরা ১৯৮০ সালে লন্ডন থেকেই বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন শুরু করেন। প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালে নির্বাচনে জয়লাভ করে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে স্থিতিশীল গণতন্ত্র বজায় রয়েছে। তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার কারণেই আজ দেশ এই অভূতপূর্ব উন্নয়ন প্রত্যক্ষ করছে। দেশের অভ্যন্তরে আগুন সন্ত্রাসের মতো স্থানীয় ও বৈশ্বিক উভয় সমস্যা কাটিয়ে আমরা এখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমার বাবা দেশের স্বাধীনতা এনেছেন এবং এই স্বাধীনতাকে ব্যর্থ করা যাবে না। এই স্বাধীনতার সুফল দেশের সকল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর এ জন্যই আমার সংগ্রাম।’
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে বুধবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটের (বিজি-২০৮) মঙ্গলবার রাত ৮টা ৩৫ মিনিটে (লন্ডন সময়) লন্ডনের হিথরো বিমানবন্দর ছেড়ে আসার কথা। ফ্লাইটটি ৪ অক্টোবর (বাংলাদেশ সময়) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রী গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানযোগে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান।
এর আগে ১৭ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন।