অনার্য মুর্শিদ
অনার্য মুর্শিদ

অনার্য মুর্শিদের লেখা

মাদ্রাসার শিক্ষার্থীদের আলো-আঁধার

জরুরি কাজে তাড়া হুড়ো করে বের হয়ে উবার ডাকলাম। চালকের আসনে এক তরুণ মাওলানা। এদিক-ওদিক ঘুরে গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে মিনিট দশেক বেশি লাগল। ভাড়া হলো অতিরিক্ত ২০ টাকা। নামার সময় বিরক্তি চেপে জিজ্ঞেস করলাম, ‘ভাই, মূল পেশা কী আপনার?’ তিনি বিনীত হাসিতে জবাব দিলেন, ‘দাওরায়ে হাদিস শেষ করেছি কিছুদিন আগে। এখন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখছি। কোর্সের ফি জোগাতে উবার চালাই। নতুন যোগ দিয়েছি তো, তাই রাস্তাঘাট এখনো ভালো চিনি না।’

মুহূর্তেই আমার বিরক্তি বাষ্প হয়ে গেল। চোখের সামনে দেখতে পেলাম প্রযুক্তির জগতে এক তরুণের নিজেকে গড়ার নীরব লড়াই।

বিকেলে বাসায় ফিরে ফেসবুকে রিলস স্ক্রল করতেই সামনে এল আরেক তরুণ মাওলানার ওয়াজের ভিডিও। তিনি বলছেন, ‘গবেষণায় দেখা গেছে, যে ঘরে ওয়াই-ফাই রাউটার থাকে, সেখানে নাকি গাছের চারা বড় হয় না, সন্তানও জন্মায় না!’

একই দিনে দুই বিপরীত ছবি। মনে পড়ে গেল কিছুদিন আগে পড়া একটি ফিচারের কথা—মাদ্রাসায় মুঠোফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক শিক্ষার্থী রাতে লুকিয়ে মুঠোফোনেই ফ্রিল্যান্সিং শিখেছেন। আজ তিনি স্বাবলম্বী, অন্য তরুণদেরও প্রযুক্তি শেখাচ্ছেন।

এই তিন গল্প আমাদের দেখায় যে মাদ্রাসার জেন-জিকে একটি নির্দিষ্ট ফ্রেমে বন্দী করার সুযোগ নেই। তারা কেবল অন্ধ কুসংস্কারের বাহক নয়; আবার সবাই রাতারাতি প্রযুক্তিনির্ভর আধুনিক হয়ে উঠেছে, এমনও নয়। সম্ভাবনা, সংকট, নাগরিক চেতনা ও কাঠামোগত পশ্চাৎপদতার এক জটিল মোড়ে দাঁড়িয়ে আছে আজকের মাদ্রাসার তরুণ সমাজ।

এমন ধারণা চালু আছে যে কেবল ধর্মীয় রক্ষণশীলতার কারণেই অভিভাবকেরা সন্তানদের মাদ্রাসায় পাঠান। কিন্তু সমাজ-বৈজ্ঞানিক ও অর্থনৈতিক পরিসংখ্যান পর্যালোচনা করলে ভিন্ন এক বাস্তবতা উঠে আসে। বছর দশেক আগে অর্থনীতিবিদ আবুল বারকাতের গবেষণায় উঠে এসেছিল বাংলাদেশে প্রতি তিনজন শিক্ষার্থীর মধ্যে একজন মাদ্রাসার। বাংলাদেশ ব্যুরো অব এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিসটিকসের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, এ দেশে সাধারণ মাধ্যমিক বিদ্যালয়ে যখন শিক্ষার্থীর সংখ্যা কমেছে, তখন সরকার-নিয়ন্ত্রিত আলিয়া মাদ্রাসাগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চার বছরের ব্যবধানে শিক্ষার্থী বেড়েছে প্রায় আড়াই লাখ। এ ছাড়া সারা দেশে বর্তমানে ১৪ হাজারের বেশি কওমি মাদ্রাসায় প্রায় ১৪ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে।

শিক্ষা-গবেষকদের মতে, কোভিড-পরবর্তী অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পরিবারগুলোকে সাধারণ স্কুলের মূলধারা থেকে মাদ্রাসামুখী করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদদের মতে, সাধারণ বাংলা মাধ্যমের স্কুলে পাবলিক পরীক্ষা পাসের জন্য প্রাইভেট কোচিং ও গাইড বইয়ের যে বিশাল অর্থনৈতিক সিন্ডিকেট তৈরি হয়েছে, তা নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। পক্ষান্তরে অধিকাংশ কওমি ও আলিয়া মাদ্রাসায় বিনা মূল্যে বা স্বল্প খরচে আবাসনব্যবস্থা, ক্লাসরুমেই পড়া সম্পন্ন করার সুযোগ এবং কম খরচে খাবারের সুবিধা রয়েছে, যা অনেক ক্ষেত্রে দিনমজুর ও স্বল্প আয়ের অভিভাবকদের জন্য ডে-কেয়ার সেন্টার বা সামাজিক নিরাপত্তাবলয়ের মতো কাজ করে।

বর্তমানে দেশের প্রায় ৯০ শতাংশ আলিয়া মাদ্রাসায় ইন্টারনেট সংযোগ আছে

সরকারি পরিসংখ্যান বলছে, বর্তমানে দেশের প্রায় ৯০ শতাংশ আলিয়া মাদ্রাসায় ইন্টারনেট সংযোগ এবং ৬৯ দশমিক ২২ শতাংশ মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুমের সুবিধা রয়েছে। অনেক ক্ষেত্রে স্কুলের তুলনায় মাদ্রাসায় সুযোগ-সুবিধা বেশি হওয়ায় সেখানে শিক্ষার্থী বাড়ছে। কওমি মাদ্রাসাগুলোতে ডে–কেয়ারের সুবিধা থাকলেও আলিয়া মাদ্রাসার মতো সেখানে প্রযুক্তি-সুবিধা নেই। তাই জেন-জির অনেকে প্রযুক্তি-সুবিধা পেতে কওমি মাদ্রাসায় সপ্তম বা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার পর চলে আসে আলিয়া মাদ্রাসায়। এতে তাদের সবচেয়ে বড় সুবিধা হলো, সরকারিভাবে দাখিল পরীক্ষা দেওয়া, যার মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারে।

প্রথাগত ধর্মীয় পরিমণ্ডলে বেড়ে উঠলেও ডিজিটাল প্রযুক্তির অবাধ প্রবাহ মাদ্রাসার জেন-জি তরুণদের চিন্তাজগতে ব্যাপক পরিবর্তন এনেছে। শেরপুরের কওমি মাদ্রাসা থেকে উঠে আসা তরুণ মিনহাজের গল্পটা ধরা যাক। অভাব-অনটনের মধ্যেও তিনি গ্রাফিক ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট শিখে সফল ফ্রিল্যান্সার হয়েছেন; প্রতিষ্ঠা করেছেন ‘আইটি টাচ ইন কওমি মাদ্রাসা’। তাঁর এই উদ্যোগের মাধ্যমে এ পর্যন্ত কওমি মাদ্রাসার প্রায় ৭০০ শিক্ষার্থী বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ পেয়েছেন এবং তাঁরা মসজিদ-মাদ্রাসার স্বল্প বেতনের ওপর নির্ভর না করে আন্তর্জাতিক কাজ করে স্বাবলম্বী হচ্ছেন। মিনহাজ নিজে শেরপুরের জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসায় একটি ডিজিটাল ল্যাব স্থাপন করেছেন।

মাদ্রাসার জেন-জিকে কেবল ‘ধর্মীয় আনুষ্ঠানিকতা’র অংশ মনে করা যে ভুল, তা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে চব্বিশের গণ-অভ্যুত্থানে। ঐতিহাসিক রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায়, অতীতে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রায়ই ‘উগ্রপন্থী’ ও ‘প্রগতিবিরোধী’ তকমায় চিহ্নিত করা হতো।

প্রযুক্তির আলো পৌঁছাতে শুরু করেছে কওমি ও আলিয়া মহিলা মাদ্রাসার ছাত্রী এবং প্রান্তিক নারী শিক্ষার্থীদের কাছেও। কক্সবাজারে ইউএনডিপির আইএসইসি প্রকল্পের আওতায় ১ হাজার ১৪০ জন কওমি মাদ্রাসার ছাত্রীকে বিনা মূল্যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও আইসিটি প্রশিক্ষণ এবং ভাতা দেওয়া হয়েছে। ফলে অসংখ্য কিশোরী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে এবং বিভিন্ন সংস্থায় কম্পিউটার অপারেটর হিসেবে চাকরির সুযোগ পেয়েছে। আর বাগেরহাটের মোংলায় ‘প্রজেক্ট নিসা’র আওতায় অ্যাপ ডেভেলপমেন্ট শিখে কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রীরা নিজেদের তৈরি অ্যাপ থেকে মাসে ৫ হাজার টাকা পর্যন্ত আয় করছেন।

আইএসডিবি-বিআইএসইডব্লিউর আইটি স্কলারশিপ প্রোগ্রামের অধীনে প্রতিবছর ফাজিল ও কামিল (স্নাতক ও স্নাতকোত্তর সমমান) স্তরের শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা মূল্যে তথ্যপ্রযুক্তি বিষয়ে বিশ্বমানের প্রশিক্ষণ গ্রহণ করে করপোরেট চাকরির বাজারে প্রবেশ করছেন। 

এ রকম অসংখ্য প্রতিষ্ঠান ও সংস্থাও কাজ করছে মাদ্রাসাশিক্ষার্থীদের নিয়ে। বিশেষত মধ্যপ্রাচ্য থেকে আসা ফান্ড মাদ্রাসা শিক্ষার বিস্তার এবং জেন-জির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কওমি ও আলিয়া মাদ্রাসার জেন-জি শিক্ষার্থীরা কোনো একক দলীয় বা প্রাতিষ্ঠানিক নির্দেশ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসেন।

মাদ্রাসার জেন-জিকে কেবল ‘ধর্মীয় আনুষ্ঠানিকতা’র অংশ মনে করা যে ভুল, তা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে চব্বিশের গণ-অভ্যুত্থানে। ঐতিহাসিক রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায়, অতীতে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রায়ই ‘উগ্রপন্থী’ ও ‘প্রগতিবিরোধী’ তকমায় চিহ্নিত করা হতো। কিন্তু ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কওমি ও আলিয়া মাদ্রাসার জেন-জি শিক্ষার্থীরা কোনো একক দলীয় বা প্রাতিষ্ঠানিক নির্দেশ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসেন। ঢাকার যাত্রাবাড়ী ও মোহাম্মদপুরের মতো রণক্ষেত্রে তাঁরা রক্তক্ষয়ী প্রতিরোধ গড়ে তোলেন। ‘সাধারণ আলেম সমাজ’-এর সংগৃহীত তথ্য ও গবেষণায় দেখা যায়, এই অভ্যুত্থানে সারা দেশে ৮৫ থেকে ৯২ জন মাদ্রাসাশিক্ষার্থী শহীদ হয়েছেন। শিক্ষার্থীরা গ্রেপ্তার এড়াতে অনেক সময় সুন্নতি পোশাকের বদলে সাধারণ জামাকাপড় পরে মিছিলে অংশ নিয়েছেন এবং আন্দোলনকে গতিশীল রেখেছেন। যাত্রাবাড়ীর সান্তোক মহিলা মাদ্রাসার ছাত্রীরা রাজপথের আন্দোলনকারীদের জন্য খাবার রান্না করে পাঠিয়েছেন এবং নারী মাদ্রাসাশিক্ষার্থীরা অনলাইনে বিপ্লবমুখী লেখার মাধ্যমে জনমত গঠনে ভূমিকা রেখেছেন।

গণ-অভ্যুত্থানের সময় মাদ্রাসার পুরুষ শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে অসুবিধা বোধ করেননি, অথচ পরবর্তী সময়ে তাঁদেরই একটা অংশের হাতে নারী সমাজ মোরাল পুলিশিংয়ের শিকার হয়েছে। জুলাই–পরবর্তী মবগুলোতে মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরাও উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করেছিলেন।

অধিকাংশ কওমি ও আলিয়া মাদ্রাসায় বিনা মূল্যে বা স্বল্প খরচে আবাসনব্যবস্থা, ক্লাসরুমেই পড়া সম্পন্ন করার সুযোগ এবং কম খরচে খাবারের সুবিধা রয়েছে, যা অনেক ক্ষেত্রে দিনমজুর ও স্বল্প আয়ের অভিভাবকদের জন্য ডে-কেয়ার সেন্টার বা সামাজিক নিরাপত্তাবলয়ের মতো কাজ করে

আবার এটাও সত্য যে মাদ্রাসার শিক্ষার্থীরা বঞ্চনার শিকার হয়েছেন। জুলাইয়ে গৌরবোজ্জ্বল ভূমিকার পরও তাঁদের গভীর মনস্তাত্ত্বিক আক্ষেপ থেকে যাচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে, কিন্তু বাস্তবে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সাধারণ সরকারি চাকরির চত্বরে কোনো পদই উন্মুক্ত নেই। আন্দোলন-পরবর্তী সময়ে জুলাই সনদে বা নীতিনির্ধারণী পদে মাদ্রাসার শিক্ষার্থীদের অর্জনের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকায় শিক্ষার্থীদের একটি বড় অংশের মধ্যে মোহভঙ্গ ও রাজনৈতিক প্রান্তিকীকরণের অনুভূতি জন্ম নিচ্ছে। 

২০১৮ সালে জাতীয় সংসদে অনুমোদিত প্রজ্ঞাপনের মাধ্যমে কওমি মাদ্রাসার সর্বোচ্চ বোর্ড ‘আল-হাইআতুল উলয়া’র অধীনে দাওরায়ে হাদিসকে ইসলামিক স্টাডিজ ও আরবিতে স্নাতকোত্তর (মাস্টার্স) সমমান দেওয়া হয়। কিন্তু বাস্তবে তা অনেকটাই কাগুজে স্বীকৃতি হিসেবে রয়ে গেছে। চার বছর মেয়াদি সমন্বিত অনার্স ডিগ্রি না থাকায় কওমি স্নাতকেরা বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারেন না। তাঁরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, এমফিল এবং আইএলটিএসেও এই সনদ ব্যবহার করার সুযোগ পান না। কওমি কর্তৃপক্ষের সিলেবাস আধুনিক না করা এবং ইংরেজি ও বিজ্ঞানের ঘাটতির কারণে প্রতিবছর বের হওয়া হাজার হাজার জেন-জি আলেম কেবল মসজিদ-মাদ্রাসার স্বল্প বেতনের কাজে আটকে পড়ছেন।

মাদ্রাসার জেন-জি শিক্ষার্থীরা তিনটি ভাষার টানাপোড়েন বা ‘ট্রাইগ্লসিয়া’ পরিস্থিতির মুখোমুখি: ১. ধর্মীয় ভাষা (আরবি, ফারসি, উর্দু); ২. নাগরিক ভাষা (বাংলা); ৩. বৈশ্বিক ভাষা (ইংরেজি)। আলিয়ায় বাংলা ও ইংরেজিতে অতিরিক্ত ২০০ নম্বর থাকলেও কওমি কারিকুলামে তা অনুপস্থিত। অনেক ক্ষেত্রে ইংরেজিকে ধর্মীয় বা সাংস্কৃতিক প্রতিরোধের দৃষ্টিতে দেখা হয়। ফলে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং বা করপোরেট বাজারের প্রতিযোগিতায় মাদ্রাসার শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছেন।

মাদ্রাসাব্যবস্থার কাঠামোগত দুর্বলতাও রয়েছে। আবাসিক হেফজখানায় শিশু নির্যাতন এবং মহিলা মাদ্রাসায় পুরুষ পরিচালকদের একচ্ছত্র ক্ষমতার কারণে চরম গোপনীয়তা বজায় থাকে। শারীরিক বা যৌন নির্যাতনের ঘটনা ঘটলে ‘ধর্মের সম্মান’ রক্ষার দোহাই দিয়ে তা সালিসে ধামাচাপা দেওয়া হয়। স্বাধীন তদারকি না থাকা এবং শিক্ষক-শিক্ষার্থীর ক্ষমতার ব্যবধানের কারণে একধরনের ‘কাঠামোগত নীরবতা’ তৈরি হয়। প্রায় ৩০ হাজার কওমি মাদ্রাসার জন্য পরিদর্শক মাত্র ৩০ জন, যা প্রাতিষ্ঠানিক জবাবদিহির করুণ চিত্র উন্মোচন করে।

মাদ্রাসার জেন-জি শিক্ষার্থীরা কুসংস্কারের বাহক কিংবা জাদুকরি আধুনিক—এর কোনোটিই পুরোপুরি নন। তাঁরা এক দ্বন্দ্বাত্মক সামাজিক বাস্তবতার প্রতিনিধি। তাঁদের সম্ভাবনাকে কাজে লাগাতে কারিকুলামে বিজ্ঞান, গণিত ও ইংরেজি যুক্ত করা, দাওরায়ে হাদিসকে কার্যকর অনার্সে রূপান্তর করা এবং আবাসিক প্রতিষ্ঠানে শক্তিশালী শিশু সুরক্ষা সেল গঠন করা জরুরি। উবার চালানো তরুণ মাওলানার আত্মমুখী প্রচেষ্টা এবং ওয়াজ মাহফিলে রাউটার নিয়ে অবৈজ্ঞানিক দাবি—এই দুই বিপরীত মেরুর মধ্যবর্তী দূরত্ব ঘোচানো এক বিরাট সামাজিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব।

* অনার্য মুর্শিদ: প্রাক্তন শিক্ষার্থী, ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা; গবেষক ও চলচ্চিত্রকার