
ইস্টার্ন ইউনিভার্সিটিতে (ইইউ) ৩৭ তম আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ১০টি দল অংশ নেয়।
বিশ্ববিদ্যালয়টির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঠিকভাবে প্রোগ্রামিং শেখাতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ নিয়মিতভাবে প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এই ধারাবাহিকতায় এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
৩৭ তম আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘ইইউ ড্রাগন’। দলটির সদস্যরা হলেন—আহসান আমিন, আবদুল কাইয়ুম ও রাজু মোল্লা। প্রথম রানারআপ হয়েছে ‘আমরা তিনজন’। এই দলের সদস্যরা হলেন—মাহজাবিন বিনতে মান্নান, রুদ্র পন্ডিত ও দেওয়ান মঞ্জুর ইলাহী চয়ন।
প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ ‘ইইউ কোড ওয়ারিয়র্স’। এই দলে আছেন মো. সিফাত খান, আশিকুর রহমান ও আলাউদ্দিন। তিনটি দল চলতি বছরের অক্টোবরে ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’-এ অংশ নেবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সহিদ আকতার হুসাইন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক মাহফুজুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন মুহাম্মদ মাহফুজ হাসান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল বাশার খান প্রমুখ।