
সামাজিক ব্যবসার মাধ্যমে টেকসই উন্নয়ন, দারিদ্র্য হ্রাস ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে উদ্ভাবনী ধারণা বিনিময়ের লক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অনুষ্ঠিত হয়েছে ‘সোশ্যাল বিজনেস ইনোভেশন সামিট ২০২৬’। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসবিই), ইউনূস সেন্টারের সহযোগিতায় এবং ঢাকা ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ও ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ সম্মেলন হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সদস্য আবদুল মঈন খান বলেন, ২০২৪ সালের ঘটনাপ্রবাহে দেশের ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্পষ্ট হয়েছে। তিনি বলেন, দেশের প্রয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ও শিক্ষকেরা যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, তা প্রশংসনীয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ভবিষ্যতেও মানসম্মত শিক্ষার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা এবং দেশের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সূচনা বক্তব্যে এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, শিক্ষা, সামাজিক ব্যবসা ও উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সক্ষম করে তুলতে কাজ করছে এনএসইউ। উদ্যোক্তা মনোভাব, সৃজনশীলতা ও সমাজমুখী উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা যেন বাস্তব সমস্যার কার্যকর সমাধান দিতে পারে এবং ইতিবাচক সামাজিক প্রভাব সৃষ্টি করতে পারে, সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা।
বর্তমান প্রজন্ম সচেতন, সাহসী এবং অন্যায়ের সঙ্গে আপস করতে চায় না উল্লেখ করে ইউনূস সেন্টার ও গ্রামীণ হেলথকেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ তরুণ উদ্যোক্তাদের এমন ব্যবসা গড়ে তোলার আহ্বান জানান; যা শুধু মুনাফা অর্জনের জন্য নয়, মানুষের জীবনমান উন্নয়ন, সমাজের কল্যাণ এবং শূন্য কার্বন নিঃসরণ, বৈষম্যহীনতা ও বেকারত্বমুক্ত বিশ্ব গঠনে ভূমিকা রাখবে।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন এনএসইউর সহ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ। সম্মেলনে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের ইউনূস সেন্টার–এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির নির্বাহী পরিচালক অধ্যাপক ফয়েজ এইচ শাহ, এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক এ কে এম ওয়ারেসুল করিম, তাইওয়ানের ন্যাশনাল সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুল অব ম্যানেজমেন্টের সহযোগী ডিন চিয়েন-ওয়েন শেন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক আবদুর রব এবং মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও প্রেসিডেন্ট অধ্যাপক দাতো’ ইর মোহাম্মদ সালেহ বিন জাফার।