মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ আদালতে দিলীপ কুমার আগরওয়ালার তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল হাসান। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলাটি তদন্তাধীন। অর্থ পাচারের অভিযোগের সত্যতা যাচাই এবং মামলার বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনার জন্য দিলীপকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাঁর রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। তাঁরা দাবি করেন, বিদেশ থেকে বৈধভাবে স্বর্ণ আমদানি করা হয়েছে। স্বর্ণ ও হীরা কেনাবেচার রেজিস্টারসহ প্রয়োজনীয় কাগজপত্র তদন্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে। মামলার অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তাঁরা।
গতকাল সোমবার রাজধানীর বনানীর একটি বাসা থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ডায়মন্ড ওয়ার্ল্ডের গুলশান অ্যাভিনিউয়ের শোরুম ও কার্যালয়ে চোরাচালান ও অর্থ পাচারের ঘটনা ঘটে। সিআইডির অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানটির বৈধভাবে আমদানি করা স্বর্ণ ও হীরার মূল্য ছিল ৩৮ কোটি ৪৭ লাখ টাকার বেশি। একই সময়ে স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণ ও হীরা কেনা, বিনিময় বা রূপান্তর করা হয়। এসব পণ্যের উৎস সম্পর্কে বৈধ নথি পাওয়া যায়নি।