
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি)। দিবসটি উপলক্ষে মানসিক সুস্থতার বিষয়টিতে অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব তুলে ধরতে এআইইউবির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যালির উদ্বোধন করেন এআইইউবির উপাচার্য কারমেন জিটা লামাগনা ও ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার। এআইইউবির আর্টস ক্লাব মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে হাতে আঁকা প্ল্যাকার্ডসংবলিত শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাসের চারপাশ প্রদক্ষিণ করে। এ সময় শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় মানসিক স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান উইভল্ভের সহযোগিতায় শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্র-ছাত্রীদের জন্য পেশাদার মানসিক স্বাস্থ্য পরিষেবা চালুর ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি নাদিয়া আনোয়ার।
দিবসটি উপলক্ষে এআইইউবি অ্যাম্পিথিয়েটারে একটি কনসার্টের আয়োজন করা হয়। এআইইউবির পারফরমিং আর্টস ক্লাবের শিক্ষার্থীরা এবং এআইইউবির সাবেক শিক্ষার্থী সংগীতশিল্পী মিনার কনসার্টে গান পরিবেশন করেন।