
এ বছরের অমর একুশে বইমেলার প্রথম সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার। বেলা ১১টা থেকে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারছেন পাঠক, ক্রেতা। তবে আজ সকালের মেলার মাঠের দৃশ্য একেবারে ভিন্ন। মেলায় সাধারণত সবার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে হয়। আজ গণমাধ্যমকর্মীদের কথা বলতে হচ্ছে ঝুঁকে। অধিকাংশ পাঠক আজ শিশু–কিশোর। ওরা এসেছে অভিভাবকদের সঙ্গে।
সোহরাওয়ার্দী উদ্যানের শিশুচত্বর ঘিরে সকাল থেকে ওদের পদচারণা। কোনো কোনো খুদে পাঠকের চেয়ে স্টলের বইয়ের ডিসপ্লেটা উঁচু। কিন্তু বই তো দেখা চাই। কখনো দোকানের বিপণনকর্মীরা এগিয়ে এসে বই উল্টে দিচ্ছেন। কখনো মা–বাবা তুলে ধরছেন বইয়ের সামনে সন্তানকে।
শেখ রাসেল শিশুচত্বরেই ছোটদের সব বইয়ের স্টল। এখানে সিসিমপুরের স্টলের আশপাশ দিয়ে রাখা আছে জনপ্রিয় ইকরি মিকরি সিকু চরিত্রের অবয়ব। খুদে পাঠকেরা দাঁড়িয়ে যাচ্ছে ওদের পাশে। ছবি তোলা চলছে।
রাজধানীর যাত্রাবাড়ী থেকে এসেছেন মাহমুদা খানম। কোলে ছয় মাসের ছেলে। হাত ধরে আছে চার বছরের মেয়ে শেফা।
মাহমুদা বলেন, বিকেলের শিশুপ্রহরের জন্য এসেছেন। মেয়ের জন্য আসা।
আর মোহাম্মদপুর থেকে আসা পাঁচ বছরের নুসায়বা জানাল, সে আজ অনেক অনেক বই কিনবে। সম্ভব হলে ইকরি মিকরিদের বাসায় নিয়ে যাবে। কন্যার কথা শুনে হাসলেন ওর বাবা মাহমুদ জামান।
বেলা সাড়ে তিনটায় শুরু হবে এ বছরের বইমেলায় শিশুদের জন্য বিশেষ আয়োজন ‘শিশুপ্রহর’।
দুপুরে এক ঘণ্টার বিরতি। বিকেল থেকে জমে উঠবে অমর একুশে বইমেলার প্রথম ছুটির দিনের আয়োজন। লেখক, প্রকাশকেরা আশা করছেন, আজ অনেক মানুষ আসবে সারা দিন মেলায়।