মন্ত্রিপরিষদ বিভাগে সাইবার নিরাপত্তা বিষয়ে বিশেষ সভার সিদ্ধান্ত

আইসিটি বিভাগে গুরুত্বপূর্ণ তথ্যপরিকাঠামোগুলোর গৃহীত কার্যক্রম বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়
ছবি: আইসিটি বিভাগের সৌজন্যে।

দেশের গুরুত্বপূর্ণ তথ্যপরিকাঠামোগুলোর সাইবার নিরাপত্তা জোরদার করতে এসব প্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে মন্ত্রিপরিষদ বিভাগে বিশেষ সভা করা হবে।  

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগে গুরুত্বপূর্ণ তথ্যপরিকাঠামোগুলোর গৃহীত কার্যক্রম বিষয়ে এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়। এতে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ সভাপতিত্ব করেন। আইসিটি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের ফলে প্রতিষ্ঠানগুলোর তথ্য চুরির ঝুঁকি তৈরির পাশাপাশি অন্যান্য সাইবার নিরাপত্তা ইস্যু তৈরি হচ্ছে। তাই গুরুত্বপূর্ণ তথ্যপরিকাঠামো ও অন্যান্য প্রতিষ্ঠানকে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

সভায় গুরুত্বপূর্ণ তথ্যপরিকাঠামোগুলোর সাইবার নিরাপত্তা, আইসিটিতে জনবলকাঠামো উন্নয়ন, আইসিটি খাতে বরাদ্দ বৃদ্ধি, নিয়মিত আইটি অডিট পরিচালনা, সিকিউরিটি অপারেশন সেন্টার (এসওসি) ও নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) গঠনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া আরও পাঁচটি সরকারি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্যপরিকাঠামো হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত হয় এ সভায়। বৈঠক সূত্রে জানা যায়, গেজেট প্রকাশের মাধ্যমে নতুন পাঁচটি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আইসিটি বিভাগের বিজিডি ই-গভ সার্ট প্রতিটি মন্ত্রণালয়কে চিঠি পাঠানো, গুরুত্বপূর্ণ তথ্যপরিকাঠামোগুলোতে নিজস্ব সাইবার নিরাপত্তা ডিজাইন ল্যাব প্রতিষ্ঠা করাসহ প্রধানমন্ত্রীর কার্যালয়েও এ বিষয়ে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।

সভায় আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান, বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম খানসহ গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গুরুত্বপূর্ণ তথ্যপরিকাঠামোগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।