হামলা করে মামলা দিয়ে গণ অধিকার পরিষদের মনোবল দুর্বল করা যাবে না। রাজপথে তাদের জন্ম হয়েছে। হামলা করে তাদের দমানো যাবে না। এক দফা দাবি আদায় করেই তারা ঘরে ফিরবে।
আজ বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনে প্রিতম জামান টাওয়ারের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের একাংশের নেতারা এসব কথা বলেন। গত বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগঠনের সভাপতি নুরুল হকসহ নেতা–কর্মীদের ওপর হামলা ও ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লার মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে গণ অধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, মাফিয়ামুক্ত না হওয়ার আগ পর্যন্ত তাঁরা রাজপথে থাকবেন। প্রয়োজনে রক্ত দিতেও তাঁরা প্রস্তুত আছেন। কারাগারে নিয়ে তরুণদের মুখ বন্ধ করা যাবে না। তাঁরা এক দফার আন্দোলনে ছিলেন, আছেন, থাকবেন। রাজপথে থেকেই তাঁরা জবাব দেবেন।
রাশেদ খান অভিযোগ করে বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়ে নুরুল হককে দেখে আসার পর কর্তৃপক্ষ তাঁকে জোর করে রিলিজ দিয়েছে। এ ঘটনার নিন্দা জানান তিনি। গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, ‘মানুষ রাজপথে নামা শুরু করেছে। দাবি মেনে না নিলে এরশাদ যে পথে গিয়েছেন শেখ হাসিনাও সেই পথে যাবেন। আমরা চাই না শেখ হাসিনা সেই অবস্থায় যাক।’
সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, দেশের সর্বোচ্চ আদালত কুক্ষিগত করে রাখা হয়েছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে সংবিধানের দোহাই দিয়ে বর্তমান সরকার তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। গণ অধিকার পরিষদের আন্দোলন দমাতে সরকার ভাঁওতাবাজি শুরু করেছে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা বিন ইয়ামিন মোল্লার মুক্তির দাবি ও নুরুল হকসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলের নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি করেন তাঁরা।
সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের উচ্চপরিষদ সদস্য আবু হানিফ, বিপ্লব কুমার পোদ্দার, মাহফুজুর রহমান, সোহরাব হোসেন, এরশাদ সিদ্দিকী, মঞ্জুর মোর্শেদ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দলের কেন্দ্রীয় কার্যালয় প্রিতম জামান টাওয়ারের সামনে থেকে পুরানা পল্টন মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।