বিদ্যুতের তারে আটকে পড়েছিল টিয়া পাখি। সেই টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিনহুড-দ্য অ্যানিমেল রেসকিউয়ার’–এর তিন স্বেচ্ছাসেবী। পরে তাঁদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত রবিনহুডের স্বেচ্ছাসেবী আতিফ ইসলাম (৩০) বৃহস্পতিবার রাত দুইটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাঁর বাসা লালবাগ এলাকায়। তাঁর বাবার নাম বাবলা ইসলাম। এ ঘটনায় দগ্ধ শফিকুর রহমান (৪৫) চিকিৎসাধীন। তাঁর শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। রুপক (২৫) নামের একজন স্বেচ্ছাসেবক সামান্য আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, শফিকুরের অবস্থাও আশঙ্কাজনক। রুপক নামের একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, টিয়া পাখিটি বিদ্যুতের তারে আটকে থাকার খবর পেয়ে রবিনহুডের স্বেচ্ছাসেবীরা উদ্ধার করতে যান। পাখিটি তারের সঙ্গে লেগে থাকা ঘুড়ির সুতায় জড়িয়ে ছিল। যেখানে টিয়া পাখিটি আটকে ছিল, সেখানে গিয়ে একটি তিনতলা ভবনের ছাদে যান স্বেচ্ছাসেবীরা। ছাদ থেকে একটি পাইপ দিয়ে সুতা ছিঁড়ে টিয়া পাখিটি ছাড়ানোর চেষ্টা করেন আতিফ। তখন আতিফ বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে থাকা গাড়িচালক শফিকুরও দগ্ধ হন। তাঁরা দুজন রুপকের ওপর পড়লে তিনি সামান্য আহত হন।