বাসে ওঠার সময় যাত্রীর ‘মুঠোফোন চুরিতে’ তিনজন গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাসে ওঠা যাত্রীদের নিশানা করে মুঠোফোন চুরি করা তিনজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর মৎস্য ভবন মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ছয়টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জনি, মো. সুমন ও মো. আরমান।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে বাসে ওঠা যাত্রীদের নিশানা করেন এবং কৃত্রিম ভিড় সৃষ্টি করে তাঁদের পকেট থেকে মুঠোফোন চুরি করেন। এ জন্য প্রতিদিন তাঁরা তিন হাজার টাকা করে পেতেন। তাঁদের বিরুদ্ধে শাহবাগ থানায় চুরির মামলা হয়েছে।