ডিএমপির লোগো
ডিএমপির লোগো

জুলাইয়ে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতে নিষ্পত্তি ৫ হাজার ৮৯০ ফৌজদারি মামলা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের সংক্ষিপ্ত বিচার আদালতে গত জুলাই মাসে ৫ হাজার ৮৯০টি ফৌজদারি মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে ৩ হাজার ৪১৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করার পাশাপাশি ৩৩টি বিশেষ অভিযান চালানো হয়েছে।

আজ সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, জুলাই মাসে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের আওতায় এসব ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় মোট ১০ হাজার ৪৩৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ৬ হাজার ৮৬১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষ্পত্তি হওয়া ফৌজদারি মামলায় অর্থদণ্ড বাবদ ২৩ লাখ ৪৬ হাজার ১২০ টাকা আদায় করা হয়েছে। এ ছাড়া নিলাম ও বাজেয়াপ্ত সম্পদ থেকে আদায় হয়েছে ২ লাখ ৫৮ হাজার ২৩০ টাকা।

এদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮–এর অধীন ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে জুলাই মাসে নতুন করে ১ হাজার ৩৪০টি মামলা করা হয়েছে। একই সময়ে (পূর্ববর্তী বিচারাধীন মামলাসহ) মোট ৩ হাজার ৪১৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়। এসব নিষ্পত্তি হওয়া মামলা থেকে জরিমানা বাবদ ৮ লাখ ২ হাজার ৭০০ টাকা আদায় করা হয়েছে।

ডিএমপির দাবি, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বিভিন্ন অপরাধের তাৎক্ষণিক বিচার হওয়ায় বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নগরবাসীর আস্থা বাড়ছে। একই সঙ্গে অপরাধীদের মনে ভীতি তৈরি হওয়ায় মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও এটি ভূমিকা রাখছে।