মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স কর্মকর্তা জোয়েল কাপলানের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স কর্মকর্তা জোয়েল কাপলানের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে

বাংলাদেশে মেটাকে কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশে একটি কার্যালয় খোলার জন্য প্রযুক্তি জায়ান্ট মেটাকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় গত মঙ্গলবার জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স কর্মকর্তা জোয়েল কাপলান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে এই আমন্ত্রণ জানান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে বাংলাদেশের ব্যবসা, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং দেশের ই-কমার্স খাতকে সহায়তা করতে পারে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

অনলাইনে হয়রানি ও ডিজিটাল নির্যাতন প্রতিরোধে আরও পদক্ষেপ নিতে মেটার প্রতি আহ্বান জানিয়েছে শামা ওবায়েদ। এ সময় বাংলাদেশে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও জোয়েল কাপলানের সঙ্গে আলোচনা করেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রেহান আসিফ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।