
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় ঘাস কাটতে গিয়ে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণে এক খামার শ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকের নাম মো. আজিম পাইক (২৭)। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজিম বাগেরহাট সদর উপজেলার বিশাদগাতি গ্রামের আনোয়ার পাইকের ছেলে। বর্তমানে তিনি কোনাপাড়ার জোসনা ডেইরি ফার্মে সপরিবারে থাকেন।
ফার্মের মালিক শফিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের নিজস্ব কোনো ঘাসের জমি নেই। খামারের পাশের একটি জমি থেকে শ্রমিকেরা নিয়মিত ঘাস কাটেন।’
ঘটনার বর্ণনা দিয়ে শফিকুল বলেন, আজ বিকেলে তিনজন শ্রমিক ঘাস কাটছিলেন। একপর্যায়ে আজিমের কাঁচির আঘাতে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আজিমের বাঁ হাত, বাঁ হাঁটু ও পেটের কিছু অংশ পুড়ে যায়।
ঘাসের জমিতে বিস্ফোরক থাকার বিষয়ে শফিকুল বলেন, জমিটি রাস্তার কাছাকাছি। সেখানে বিস্ফোরক কীভাবে এল, তা বুঝতে পারছি না।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আজিম জানান, কাঁচি দিয়ে ঘাসে আঘাত দেওয়ার পরপরই হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজিমের অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাসায় পাঠানো হয়েছে।